বিএমডিসি নীতিমালা

ঝুঁকিতে আদ্‌‌-দ্বীনের বাংলাদেশি শিক্ষার্থীরাও, অন্য হাসপাতালে ইন্টার্নশিপের সুযোগ নেই

২৩ জুন ২০২৬, ১১:৪১ AM , আপডেট: ২৩ জুন ২০২৬, ১১:৪৫ AM
ঝুঁকিতে আদ‌্‌-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

ঝুঁকিতে আদ‌্‌-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজধানীর আদ‌্‌-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের বিদেশি শিক্ষার্থীরা নিজ দেশে নিজেদের ডিগ্রির গ্রহণযোগ্যতা হারানোর ঝুঁকিতে রয়েছেন। সংকট সমাধানে বিভিন্ন দপ্তরে ধরনাও দিচ্ছেন তারা। তবে একই সংকট অপেক্ষা করছে প্রতিষ্ঠানটির বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নীতিমালাতেও শিক্ষার্থীকে একই প্রতিষ্ঠান থেকে ইন্টার্নশিপ সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। বিগত তিন বছরের বিএমডিসি ভর্তি নীতিমালা যাচাই করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিএমডিসি ভর্তি নীতিমালার ধারা ৭.০-এ বলা হয়েছে, এমবিবিএস বা বিডিএস কোর্সের শিক্ষার্থীদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অনুমোদিত চলতি কারিকুলাম অনুযায়ী শিক্ষা কার্যক্রম সম্পাদন করতে হবে। কোর্স শেষে স্ব স্ব মেডিকেল বা ডেন্টাল কলেজ হাসপাতালে বিএমডিসি নির্ধারিত লগবুক অনুযায়ী এক বছর ইন্টার্নশিপ সকলের জন্য বাধ্যতামূলক। কোনোভাবেই অন্য মেডিকেল কলেজে ইন্টার্নশিপ মাইগ্রেশন করা যাবে না।

২০২৪-২৫ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এই বিধান রয়েছে ৭.১ ধারায়। ফলে শুধু ২৯৫ বিদেশি শিক্ষার্থীই নয়, মূলত ডিগ্রির কার্যকারিতা হারানোর ঝুঁকিতে এখন আদ্‌‌-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ৬৪৫ জন শিক্ষার্থীর প্রায় সবাই।

সরকারি আদেশে আদ‌্‌-দ্বীন হাসপাতাল বন্ধ থাকায় আদ‌্‌-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস এবং ইন্টার্নশিপের জন্য অন্য হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। গত ১৪ জুন এই নির্দেশনার পর প্রতিষ্ঠানটির ২৯৫ শিক্ষার্থীর ডিগ্রির কার্যকারিতা হারানোর ঝুঁকির কথা সামনে আসে, যাদের প্রায় সবাই ভারতীয়।

দেশটির ন্যাশনাল মেডিকেল কমিশন (ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট লাইসেন্সিয়েট) রেগুলেশন্স, ২০২১-এর ৪(ক)(২) ধারা অনুযায়ী, একই মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস ও ইন্টার্নশিপ সম্পন্ন না করলে তা গ্রহণযোগ্য হবে না। এ নিয়ে ভারতীয় শিক্ষার্থীরা গত শনিবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করেও কোনো সাড়া পাননি। পরে সোমবার সকাল থেকে অপেক্ষা করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাক্ষাতের জন্য। সেখানেও কারো সাক্ষাৎ পাননি তারা। একইদিন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরেও যান এসব শিক্ষার্থী। সেখানে পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলমের সঙ্গে তারা কথা বলেন। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সঙ্গে তাদের সাক্ষাতের কথা রয়েছে।

এদিকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও একই হাসপাতালে ইন্টার্নশিপের বাধ্যবাধকতার কথা স্বীকার করেছেন বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. সাইফুল ইসলাম। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। আদ্‌-দ্বীনের লাইন্সেন্স বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে বিএমডিসি সভাপতি বলেন, ‘লাইসেন্স বাতিল করা হয়েছে একটি হাসপাতালের। কিন্তু এই হাসপাতাল শুধু সেবা দেয় না, এই হাসপাতাল শিক্ষাও দেয়। এটা বন্ধ করে পরিস্থিতি আরও জটিল করা হলো। একটা সাধারণ সমস্যাকে জটিল সমস্যায় রূপ দেওয়া হলো। আমাদের নীতিতে আছে, যে যেখানে পড়বে, সেখান থেকেই ইন্টার্নশিপ শেষ করবে। এমনকি শিক্ষার্থীদের নিজ নিজ দেশেও একই চাহিদা যে, যেখান থেকে পড়বে, সে সেখান থেকেই ইন্টার্নশিপ করবে। সুতরাং সরকারকেই এখনই সুরাহায় যেতে হবে। তাহলে সমস্যার সমাধান হবে। না হলে সমস্যা আরও জটিল হবে।’

আরও পড়ুন : দুই অধিদপ্তরে নিরাশ, এবার মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে আদ্-দ্বীনের বিদেশি শিক্ষার্থীরা

লাইসেন্স বাতিলের ঘটনা দেশের স্বাস্থ্যশিক্ষার জন্য অশনি সংকেত বলেও আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি এই লাইসেন্স বাতিল দেশের মেডিকেল এডুকেশনের ক্ষতি ডেকে আনবে। আপনারা জেনে থাকবেন, বিদেশি শিক্ষার্থীদের জন্য আমাদের যে নির্ধারিত আসন ছিল, তা ইতিমধ্যে অর্ধেকে নেমে এসেছে। এটা আমাদের মেডিকেল শিক্ষার জন্য মহাঅশনি। বিদেশি শিক্ষার্থীরা কিন্তু ভারতেও সুবিধাবঞ্চিত তাদের ধর্মীয় পরিচয়ের কারণে। তারা শিক্ষায় কোনো সুযোগ পায় না। তারা ওখানে ভর্তি হতে পারে না বিপুল শিক্ষার্থীর জন্য। সেখানে থেকে এসে তারা বাংলাদেশের অর্থনীতিতে একটা অবদান রাখছিল। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে সাহায্য করছিল। আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসিকতা গঠনে সাহায্য করছিল; আমরা যাকে বলি, ক্রস কালচারাল ডেভেলপমেন্ট। কাশ্মীরি একজন শিক্ষার্থী এলে আমার দেশের অনেকে আদব-কায়দাও শিখতে পারতো। এগুলো শিক্ষার একটা অংশ।’

শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ২৬ আগস্ট ২০২৬
ইবিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা…
  • ২৬ আগস্ট ২০২৬
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় একই দিনে পাঁচজনের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
প্রাথমিকে শূন্য পদ পূরণ, প্রধান শিক্ষক পদায়ন নিয়ে যা বললেন …
  • ২৬ আগস্ট ২০২৬
জাবিপ্রবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ…
  • ২৬ আগস্ট ২০২৬
রাত বাড়লেই ক্যাম্পাসে আপত্তিকর অবস্থান, অসন্তোষ শিক্ষার্থীদ…
  • ২৬ আগস্ট ২০২৬