আড়াই বছরের শিশুসহ মা কারাগারে, ফটকে দাঁড়িয়ে আছে স্কুল পড়ুয়া দুই সন্তান

১১ মে ২০২৬, ১১:৪৩ PM
দুই শিশু আদলতের ফটকে দাঁড়ানো মা পুলিশ ভ্যানে

দুই শিশু আদলতের ফটকে দাঁড়ানো মা পুলিশ ভ্যানে © টিডিসি ফটো

লক্ষ্মীপুরে একটি মারামারি মামলায় আড়াই বছরের দুধপান করা শিশুসহ ফারহানা আক্তার শিল্পি নামের এক নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মা কারাগারে যাওয়ার পর তার স্কুল পড়ুয়া আরও দুই সন্তান স্কুলড্রেস পরিহিত অবস্থায় জেলগেটে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল। আজ সোমবার (১১ মে) বিকেলে লক্ষ্মীপুর জেলা কারাগারের ফটকে এমন এক হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত সদরের পেশকার দেলোয়ার হোসেন জানান, সিআর ৫৬৫ মামলায় আসামি শিল্পি ও জহির উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক শাহ জামাল। দুপুরে এই আদেশ দেওয়ার পর আসামিদের পুলিশ হাজতে নেওয়া হয় এবং বিকেলে শিশু সিয়ামসহ তার মা শিল্পিকে জেলা কারাগারে পাঠানো হয়। লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল শিশুসহ ওই নারীর কারাবরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে যাওয়া শিল্পির আরও দুই সন্তান রয়েছে—পঞ্চম শ্রেণির ছাত্র শিপন হোসেন (১০) ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী তামান্না আক্তার (৮)। তারা শহীদ স্মৃতি আদর্শ একাডেমির শিক্ষার্থী। বর্তমানে তাদের পরীক্ষা চলছে। বিকেলে মায়ের প্রিজন ভ্যান যখন জেলগেটে পৌঁছায়, তখন দুই ভাই-বোনকে স্কুলড্রেস পরিহিত অবস্থায় সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মহসিন কবির স্বপন।

আরও পড়ুন: ময়মনসিংহে যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা

মামলার এজাহার অনুযায়ী, গত ১৫ এপ্রিল প্রতিবেশী মাহাতাব উদ্দিন ভূঁইয়ার ওপর হামলার অভিযোগে শিল্পিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বাদী দাবি করেছিলেন, শিল্পি লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেছেন, যাতে তার ‘মাথার হাড় ভেঙে মগজ বের হয়ে গেছে’।

তবে আসামিপক্ষের আইনজীবী রাকিবুল হাসান তামিম অভিযোগ করেন, এজাহারে বাদীর আঘাত যে পরিমাণ গুরুতর দেখানো হয়েছিল, লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল সার্টিফিকেটে (এমসি) তার উল্টো চিত্র দেখা গেছে। চিকিৎসকরা সেখানে আঘাতের ধরনকে ‘সিম্পল’ বা সাধারণ জখম হিসেবে উল্লেখ করেছেন। 

আইনজীবী জানান, সাধারণ জখমের মামলায় বিষয়টি জামিনযোগ্য হওয়া সত্ত্বেও দুগ্ধপোষ্য শিশুসহ এক নারীকে কারাগারে পাঠানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

মামলার বাদী মাহাতাব উদ্দিন ভূঁইয়া লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার বাসিন্দা। তার দায়ের করা মামলায় প্রতিবেশী শিল্পিকে আসামি করা হয়। শিল্পি একই এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী। বর্তমানে আড়াই বছরের শিশু সিয়াম মায়ের সাথে জেলহাজতে থাকলেও বাইরের দুই সন্তানের পড়াশোনা ও নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ১০ আগস্ট ২০২৬
রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
  • ১০ আগস্ট ২০২৬
দেশে প্রথমবার ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’কে অকুপেশন হিসেবে ম্যাপিং…
  • ১০ আগস্ট ২০২৬
ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান
  • ১০ আগস্ট ২০২৬
পড়াশোনা যেমন করেছে, এসএসসির ফলাফল তেমনই হয়েছে: শিক্ষামন্ত্রী
  • ১০ আগস্ট ২০২৬
ঢাবির ৭১ শতাংশ শিক্ষার্থী ক্লাসে যান অ্যাটেনডেন্সের জন্য, শ…
  • ১০ আগস্ট ২০২৬