আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। © টিডিসি সম্পাদিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনের ঘটনা নিয়ে গণশুনানি করার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এসব ঘটনায় অপরাধ ও অপরাধীদের শনাক্ত করতে সংশ্লিষ্ট জেলাগুলোতে এ গণশুনানি করবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সংগঠনের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গণশুনানিতে নির্যাতনের শিকার রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, ভুক্তভোগী, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ উদ্যোগ বাস্তবায়নে সরকার সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।
গণশুনানির আগে প্রতিটি জেলার সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সরকারি ব্যবস্থাপনায় মাইকিং করা হবে। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে এ বিষয়ে জানানো হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে গণশুনানির আয়োজন করা হবে। একই সঙ্গে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের গণশুনানির বিষয়ে অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণঅধিকার পরিষদ, জাতীয় প্রেসক্লাব ও জাতীয় মহিলা সংস্থার কাছে পাঠানো হয়েছে।