ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড © টিডিসি সম্পাদিত
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের লক্ষ্যে অনলাইনে শিক্ষক তথ্য ফরম (ইটিআইএফ) হালনাগাদ করতে বলা হয়েছে। এ জন্য আট দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানপ্রধান ও অধ্যক্ষদের কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনার প্রতিষ্ঠানের যে সব শিক্ষক অবসর গ্রহণ, মৃত্যুবরণ, অন্যত্র বদলি, বোর্ড থেকে কালো তালিকাভুক্ত বা খন্ডকালীন শিক্ষক, অনিয়মিত এবং অক্ষম ও গুরুতর অসুস্থ, বরখাস্তকৃত, সাময়িক বরখাস্তকৃত বাস্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন তাদের নাম কর্তন করতে হবে।
এছাড়া যে সব শিক্ষক এখন পর্যন্ত ইটিআইএফ-এ যুক্ত হয়নি, তাদের তথ্য জরুরিভিত্তিতে আগামী ৩১ মার্চের মধ্যে ইটিআইএফ-এ অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ইটিআইএফ পূরণের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনাসমূহ হলো-
১. প্রতিষ্ঠানপ্রধানসহ কর্মরত সব শিক্ষকের পরীক্ষা সংক্রান্ত গোপনীয় কাজ সম্পাদনের লক্ষ্যে ইটিআইএফ পূরণ নিশ্চিত করবেন।
২. যে সব শিক্ষক প্রধান পরীক্ষক হওয়ার জন্য মাস্টার ট্রেইনার না হওয়া সত্ত্বেও ইটিআইএফ-এর ডাটায় মাস্টার ট্রেইনার এর কলাম এন্ট্রি করেছেন এবং যারা সত্যায়ন করেছেন- তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩. শিক্ষক তাঁদের ব্যক্তিগত পরীক্ষার ফলাফলসমূহ (এসএসসি, এইচএসসি, বিএ, বিএসসি, অনার্স, মাস্টার্স, বিএড, এমএড, পিএইচডি ইত্যাদি পরীক্ষায় প্রাপ্ত বিভাগ বা শ্রেণি) ইটিআইএফ এর নির্দিষ্ট কলামসমূহে স্ব স্ব প্রাপ্ত বিভাগ বা শ্রেণি এন্ট্রি করবেন।
৪. একজন শিক্ষকের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ বছর কর্মরত থেকে পরবর্তীতে অন্য প্রতিষ্ঠানে ৫ বছর ধরে বর্তমানে কর্মরত আছেন, তাহলে তাঁর কর্মকালীন গণনা করা হবে ১ম শিক্ষাপ্রতিষ্ঠানে ১ম যোগদানের তারিখ থেকে। উল্লেখ্য প্রতি বছর সার্ভিসের জন্য আলাদা পয়েন্ট রয়েছে।
আরও খবর: বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা
৫. শিক্ষকদের ডাটা পুরণের সময় অবশ্যই সোনালী ব্যাংকের (১৩-১৭ ডিজিটের) হিসাব নম্বর প্রদান করতে হবে।
৬. যে শিক্ষক যে বিষয়ে পাঠদান করেন শুধুমাত্র সে বিষয়ই Select করতে পারবেন, অন্যথায় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
৭. কলেজের ক্ষেত্রে শুধুমাত্র যে বিষয়ে অনার্স, মাস্টার্স করেছেন সে বিষয়ই Select করতে পারবেন।
৮. শিক্ষকদের সব সনদ নিয়োগপত্র ইত্যাদি তথ্য প্রমাণাদি প্রতিষ্ঠান প্রধানের কাছে সংরক্ষণ রাখবেন। প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সেগুলো তদন্ত করবে। ইটিআইএফ পূরণে কোন তথ্য গোপন বা অসত্য তথ্য সংযোজন করলে এর দায় দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানগণকে বহন করতে হবে।