শিক্ষার্থী © ফাইল ফটো
চলতি এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষনের ফল প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়। তবে প্রকাশিত ফলাফলে গড়মিল হয়েছে বলে জানা গেছে। এজন্য পুনরায় পুনর্নিরীক্ষণের ফলাফলে হিসাব পুনরায় করা হচ্ছে বলে জানা গেছে। হিসাব শেষে নতুন করে পুনর্নিরীক্ষণের ফলের পরিসংখ্যান পুনরায় প্রকাশ করা হবে বলে জানিয়েছে সমন্বয় কমিটি।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় ফল প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফলাফলের সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের গ্রুপসহ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে প্রকাশ করা হয়। তবে সন্ধ্যার পূর্বেই ফলাফলের সারসংক্ষেপ মন্ত্রণালয়ের গ্রুপ থেকে সরিয়ে ফেলা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথমে সারা দেশে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তনের তথ্য জানানো হলেও সংশোধিত হিসাবে তা কমে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৪৫ জনে। অর্থাৎ দুই হিসাবের মধ্যে ১০ হাজার ২০৪ জনের পার্থক্য রয়েছে। এ নিয়ে নতুন করে হিসাব কষছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সবগুলো বোর্ডে ফোন করে তথ্য নেওয়া হচ্ছে। রাত ৮টার পূর্বেই নতুন হিসাব জানা যাবে।’
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল বিশ্লেষণে দেখা গেছে, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পুনর্নিরীক্ষণের আবেদন করা ২ লাখ ৯১ হাজার ২১১ শিক্ষার্থীর মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে। শতকরা হিসাবে যা ছিল ১১ দশমিক ৪৫ শতাংশ।
তবে নতুন সংশোধিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, একইসংখ্যক আবেদনকারীর মধ্যে ফল পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের। এ হিসাবে ফল পরিবর্তনের হার ৭ দশমিক ৯৫ শতাংশ। অর্থাৎ আগের তুলনায় ফল পরিবর্তনের হার কমেছে ৩ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট।
সবচেয়ে বড় গড়মিল পাওয়া গেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের হিসাবে। প্রথম পরিসংখ্যানে এই বোর্ডের ৮ হাজার ৩৩৯ শিক্ষার্থীর ফল পরিবর্তনের কথা জানানো হয়েছিল। সংশোধিত হিসাবে তা দাঁড়িয়েছে ২ হাজার ৬৬৮ জনে। অর্থাৎ শুধু এই বোর্ডেই দুই হিসাবের মধ্যে ৫ হাজার ৬৭১ জনের পার্থক্য রয়েছে।
একইভাবে বরিশাল শিক্ষা বোর্ডে প্রথমে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তনের তথ্য দেওয়া হলেও সংশোধিত হিসাবে তা মাত্র ৫২০ জন। কারিগরি শিক্ষা বোর্ডে আগে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তনের কথা বলা হলেও নতুন হিসাবে তা ২ হাজার ৩০৭ জন।
এ ছাড়া কুমিল্লা বোর্ডে ফল পরিবর্তনের সংখ্যা ৩ হাজার ৬৫ থেকে কমে ২ হাজার ৮১৩, যশোরে ১ হাজার ৯০৯ থেকে ১ হাজার ৭৩৬, দিনাজপুরে ২ হাজার ২৪৮ থেকে ২ হাজার ৩৫ এবং সিলেটে ১ হাজার ৩৫৩ থেকে ১ হাজার ২৬৭ জনে দাঁড়িয়েছে।
রাজশাহীতে আগের ৭৭৯ জনের পরিবর্তে সংশোধিত হিসাবে ৭৭৫ জনের ফল পরিবর্তনের তথ্য রয়েছে। তবে ঢাকা, চট্টগ্রাম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল পরিবর্তনের সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
সংশোধিত পরিসংখ্যান অনুযায়ী, পুনর্নিরীক্ষণে মোট ২৫ হাজার ৮১০টি গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে অকৃতকার্য থেকে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৫৪৮ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০০ জন। অকৃতকার্য থেকে সরাসরি জিপিএ-৫ পেয়েছে ২০ জন। সব মিলিয়ে পুনর্নিরীক্ষণের ফলে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০৬ জনে।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে, ৫ হাজার ৮৫৩ জনের। এরপর কুমিল্লায় ২ হাজার ৮১৩, ময়মনসিংহে ২ হাজার ৬৬৮, কারিগরিতে ২ হাজার ৩০৭, চট্টগ্রামে ২ হাজার ৪৩ এবং দিনাজপুরে ২ হাজার ৩৫ জনের ফল পরিবর্তন হয়েছে।