হাতিরঝিলে যুবককে কুপিয়ে জখম © সংগৃহীত
রাজধানীর হাতিরঝিল এলাকায় সানাউল্লাহ (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হাতিরঝিলের কাদিরের সিএনজি গ্যারেজের গলিতে এ হামলার ঘটনা ঘটে।
আহত সানাউল্লাহর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গয়সা গ্রামে। তার বাবার নাম আব্দুল বারেক এবং মায়ের নাম বকুল আক্তার।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘টোকাই সুজন গ্রুপের’ হাসনাইন, হাসিব ও নূরুসহ আরও তিন-চারজন এ হামলা চালায়। তারা সানাউল্লাহকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে গুলির দুটি খোসা ও একটি বুলেটের অংশ জব্দ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, তারা একটি কোপাকোপির ঘটনার কথা জানতে পেরেছেন, তবে গুলির বিষয়টি এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের দল পাঠানো হয়েছে।