গ্রামীন ব্যাংকে হামলা, ড. ইউনূস বললেন—  ‘আমার কোনো শেয়ার নেই, কখনও ছিল না’

২৩ নভেম্বর ২০২৬, ০৬:০০ PM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © টিডিসি ছবি

গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ এবং এসব ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ও সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গ্রামীণ ব্যাংকে হামলা মানে দরিদ্র নারী ঋণগ্রহীতাদের নিরাপত্তা, স্বাধীনতা ও তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে তাদের হামলার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে। তারা দাবি করছে, গ্রামীণ ব্যাংকের মালিক আমি এবং ব্যাংকটি আমিই পরিচালনা করি। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশ শেয়ারের মালিক সরকার। 

২০১১ সালে আওয়ামী লীগ সরকার আমাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক আমি নই, কখনো ছিলামও না।

বিবৃতিতে মুহাম্মদ ইউনূস বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িতেও হামলা হয়েছে। বাড়িটি থেকেই তাঁর কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। বর্তমানে তাঁর দুই ছোট ভাই তাঁদের পরিবার নিয়ে সেখানে বসবাস করেন।

গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলার ঘটনাকে আরও উদ্বেগজনক ও মর্মান্তিক বলে উল্লেখ করেন তিনি। মুহাম্মদ ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন বিশ্বব্যাপী স্বীকৃত একটি ব্যাংক। ২০ বছর আগে নোবেল কমিটি প্রতিষ্ঠানটিকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করে। এ বছর দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপন করা হচ্ছে।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল ও পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এ মডেল আন্তর্জাতিকভাবে সমাদৃত। ব্যাংকটি নারীদের দারিদ্র্য ও বঞ্চনা কাটিয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনীতিতে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সামর্থ্য অর্জনে সহায়তা করে।

বিবৃতিতে দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব দরিদ্র নারী ঋণগ্রহীতাই ব্যাংকটির মালিক। ফলে ব্যাংকের ওপর হামলা তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

মুহাম্মদ ইউনূস বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে। হামলার ধরন দেখে মনে হয়, অপরাধীদের প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য ওপরের মহল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্ববাসী বিস্ময়ের সঙ্গে দেখছে, কীভাবে কিছু মানুষকে নির্দেশ দিয়ে তাঁদেরই দরিদ্র প্রতিবেশীদের মূল্যবান সম্পদ ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে। এসব প্রতিবেশী হলেন সেই নারীরা, যাঁরা নিজেদের ব্যবসা পরিচালনার জন্য গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং ব্যাংকের মুনাফার অংশ থেকে লভ্যাংশও পান।

বিবৃতিতে বলা হয়, কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারী ও তাঁদের পরিবারে গভীর আতঙ্ক তৈরি হয়েছে। তাঁদের কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা এবং জীবনের নানা প্রয়োজন মেটানোর অপরিহার্য অবলম্বন।

তিনি জানান, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা যাতে কোনো বাধা ছাড়াই অব্যাহত রাখা যায়, সে লক্ষ্যেই এ আবেদন করা হয়েছে।

মুহাম্মদ ইউনূস বলেন, প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি। যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, সর্বোচ্চ পর্যায়ে যারা এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

বিবৃতির শেষাংশে মুহাম্মদ ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি অগ্রণী বৈশ্বিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা এবং কোটি মানুষের জীবন মর্যাদাপূর্ণ করার লক্ষ্যে বিশ্বব্যাপী যে সম্মিলিত প্রচেষ্টা চলছে, এটি তার ওপরও সরাসরি আঘাত।

তিনি সবাইকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে।

কারিগরির এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
  • ২৩ নভেম্বর ২০২৬
গ্রামীন ব্যাংকে হামলা, ড. ইউনূস বললেন—  ‘আমার কোনো শেয়ার নে…
  • ২৩ নভেম্বর ২০২৬
জাবিপ্রবি শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের, ব্যবস্থা ন…
  • ২৩ নভেম্বর ২০২৬
‘বাবা ভুল করেছি মাফ করে দাও’, ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচ…
  • ২৩ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের হিসাব অর্থ বিভাগে পাঠানো নিয়ে যা বলছে …
  • ২৩ নভেম্বর ২০২৬
রাজধানী থেকে আওয়ামী লীগের সর্বকনিষ্ঠ এমপি গ্রেফতার
  • ২৩ নভেম্বর ২০২৬