শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলাম © সংগৃহীত
ঢাকার অপরাধজগতের একসময়ের আতঙ্ক হিসেবে পরিচিত শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলাম। নব্বইয়ের দশকে রাজধানীর বিভিন্ন এলাকায় হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচনায় আসেন তিনি। চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকাতেও ছিল তার নাম। যুবলীগ নেতা গালিব হত্যা মামলায় গ্রেপ্তারের পর দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান। তবে মুক্তির প্রায় দুই বছর পর আবারও আলোচনায় এসেছেন এই সাবেক শীর্ষ সন্ত্রাসী। এবার দেশ ছাড়ার প্রস্তুতিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে নতুন করে শতাধিক অভিযোগ ও একাধিক টর্চার সেল পরিচালনার অভিযোগ সামনে আসায় সুইডেন আসলামের অতীত অপরাধজগতের নানা ঘটনা আবারও আলোচনায় উঠে এসেছে।
রবিবার (২২ নভেম্বর) গভীর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন সুইডেন আসলাম। রাত আড়াইটার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, আসলামকে অনেক দিন ধরেই খুঁজছিল পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, থাইল্যান্ডের ব্যাংকক হয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল তার। বিষয়টি যাচাই করা হচ্ছে।
ডিবি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ডিএমপি কমিশনারের কার্যালয়ে অন্তত শতাধিক অভিযোগ জমা পড়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও পেয়েছে পুলিশ। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের তৎপরতা চলছিল।
যেভাবে অপরাধজগতে প্রবেশ
আসলামের পরিবার থাকতেন ঢাকার নবাবগঞ্জ থানার আলগা ইউনিয়নের সাঁথিয়া গ্রামে। তার বাবা শেখ জিন্নাত আলী ছিলেন একটি রড-সিমেন্টের দোকানের মালিক। আসলাম ঢাকার ইন্দিরা রোডে থাকতেন। তিনি তেজগাঁও পলিটেকনিক স্কুল থেকে এসএসসি পাস করেন।
১৯৮০-এর দশকের শেষের দিকে অপরাধজগতে প্রবেশ করেন আসলাম। ফার্মগেটে ‘চাইনিজ’ নামের এক সন্ত্রাসীর সঙ্গে বিবাদের পর তিনি কুখ্যাত হয়ে ওঠেন। নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতে আলোচিত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে তার নাম যুক্ত হয় ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের তালিকায়।
১৯৮৬ সালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ রয়েছে আসলামের বিরুদ্ধে। ওই ঘটনার পর একের পর এক খুনের ঘটনায় তার নাম জড়াতে থাকে বলে বিভিন্ন সময় প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে।
যেভাবে ‘সুইডেন আসলাম’ নাম
ফার্মগেট এলাকায় ‘চাইনিজ’ নামের সন্ত্রাসীর সঙ্গে সম্পর্ক গড়ে তার সুইডেনপ্রবাসী বোন ইতিকে বিয়ে করেন আসলাম। কিশোর শাকিলকে খুনের পর আসলাম সুইডেনে স্ত্রীর কাছে চলে গিয়েছিলেন।
কিন্তু সেখানে স্ত্রীর সঙ্গে তার সম্পর্কে চিড় ধরে। দুজনের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আসলাম দেশে ফিরে নিজের সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। সুইডেন থেকে আসার কারণে অপরাধজগতে বা ‘আন্ডারওয়ার্ল্ডে’ তার নাম হয়ে যায় সুইডেন আসলাম।
এদিকে, আসলামের সঙ্গে ছাড়াছাড়ির পর ইতি ঢাকায় এসে মামুন নামের এক সন্ত্রাসীকে বিয়ে করেন। বিষয়টি মেনে নিতে পারেননি আসলাম। তখন মামুনকে হত্যার পরিকল্পনা করেন তিনি।
১৯৯৫ সালের মে মাসে পুরান ঢাকার সন্ত্রাসী আগা শামীমের আস্তানায় সমঝোতার কথা বলে মামুনকে ডেকে এনে হত্যা করা হয়। ওই ঘটনায় মামুনসহ তিনজন খুন হন।
নিজের বাহিনীর সদস্যদেরও হত্যার অভিযোগ
মামুন ও ইতির বিয়েতে সহায়তা করেছিলেন আসলামের ‘সেকেন্ড ইন কমান্ড’ বিপুল। একদিন মধুবাগের মাঠে ধারালো অস্ত্র দিয়ে বিপুলের দুই হাত কেটে তাকে খুন করান আসলাম। বিপুলের সঙ্গে সম্পর্ক রাখা কলাবাগানের কিসলুকেও হত্যা করা হয়।
আসলামের আরেক সহযোগী ছিলেন গাব্বু। তার স্ত্রী আসমা একবার পুলিশকে আসলামের গতিবিধির কথা জানিয়ে দিয়েছিলেন। একদিন তেজগাঁও রেললাইনের বস্তিতে গাব্বুর সামনেই আসমাকে বুকে গুলি করে হত্যা করা হয়।
ওই সময়কালে মিরপুরে রানা, সাজ্জাদ এবং টাঙ্গাইলের ছাত্রনেতা শামীম তালুকদারও সুইডেন আসলামের হাতে খুন হয়েছিলেন বলে অভিযোগ ওঠে।
নিজের ‘সাম্রাজ্য’ ঠিক রাখতে কারওয়ান বাজারের পিচ্চি হান্নান, মগবাজারের সুব্রত বাইন ও টিক্কার সঙ্গে এক হয়েছিলেন আসলাম। এভাবে নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতে নিজের প্রভাব বিস্তার করেন তিনি।
চারদলীয় জোট সরকারের আমলে ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায়
চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায়ও ছিল সুইডেন আসলামের নাম। সে সময় রাজধানীর অপরাধজগতের আলোচিত ব্যক্তিদের একজন হিসেবে পরিচিতি পান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা যায়, হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলায় আদালত থেকে খালাস পান আসলাম। তবে এসব রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। একটি মামলায় তিনি অব্যাহতিও পেয়েছেন।
অন্যদিকে, অস্ত্র আইনের দুটি মামলায় তার যাবজ্জীবন ও ১৭ বছরের কারাদণ্ড হয়েছিল। পরে উচ্চ আদালত থেকে এসব মামলায়—।
পুলিশের নথিপত্র অনুযায়ী, আসলামের বিরুদ্ধে সর্বশেষ মামলাটি হয় তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যা ঘটনায়। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল পুলিশ অভিযোগপত্র জমা দেয়। মামলাটি বর্তমানে বিচারাধীন।
কারাগারে থেকেও অপরাধজগতের কার্যক্রম চালানোর অভিযোগ
১৯৯৭ সালে যুবলীগ নেতা গালিব হত্যার পর গ্রেপ্তার হন আসলাম। তখন তার বয়স ছিল ৩৫ বছর। তবে গ্রেপ্তার হওয়ার পরও কারাগারে থেকে অপরাধজগতের কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, কারাগারে বসেই মোবাইল ফোন ব্যবহার করে বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন আসলাম। পাশাপাশি মামলার সাক্ষীদের হুমকি দিতেন বলেও অভিযোগ রয়েছে।
পরে ২০০৫ সালের ৩১ জানুয়ারি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আবারও গ্রেপ্তার হন সুইডেন আসলাম। এরপর দীর্ঘ কয়েক বছর কারাগারে কাটান তিনি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তি
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কারাগার থেকে মুক্তি পান আসলাম। গালিব হত্যা মামলায় জামিন পাওয়ার পরই তার মুক্তির পথ তৈরি হয়।
জামিনে মুক্তির পর সুইডেন আসলাম গণমাধ্যমে বলেছিলেন, বাকি জীবন মানুষের ও আর্তমানবতার সেবায় কাটাতে চান তিনি।
তবে কারাগার থেকে মুক্তির প্রায় দুই বছর পর আবারও পুলিশের হাতে আটক হলেন একসময়ের এই আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’। তার বিরুদ্ধে নতুন করে জমা পড়া অভিযোগ, কথিত টর্চার সেল পরিচালনা এবং বিদেশে যাওয়ার চেষ্টার বিষয়গুলো এখন তদন্ত করছে পুলিশ।
নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতে আলোচনায় আসা শেখ মো. আসলামের দীর্ঘ অপরাধ-অভিযোগ, হত্যা মামলা, কারাবাস ও মুক্তির ইতিহাসের পর নতুন করে তার গ্রেপ্তারের ঘটনায় আবারও আলোচনায় এসেছে সুইডেন আসলামের নাম।