হাসিনার ফেরার গুঞ্জন
বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)g © টিডিসি ছবি
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং তাঁকে পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার আহ্বান জানানোর প্রেক্ষাপটে যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্চলাইট জ্বালিয়ে রাতভর টহল ও নজরদারি চালাচ্ছেন ৪৯ বিজিবির সদস্যরা।
রাত নামার পর সীমান্তের বিভিন্ন স্থানে আধুনিক সার্চলাইট ব্যবহার করে নজরদারি শুরু হয়। সার্চলাইটের আলোয় সীমান্তবর্তী এলাকাগুলো পর্যবেক্ষণ করছেন বিজিবি সদস্যরা। এক স্থান থেকে অন্য স্থানে টহল দেওয়ার পাশাপাশি সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজর রাখা হচ্ছে।
বিজিবি সদস্যরা যাতে রাতের অন্ধকার কিংবা সীমান্তের নির্জন পথ ব্যবহার করে কেউ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছেন। এ লক্ষ্যে সার্চলাইট ব্যবহারের পাশাপাশি নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।
সীমান্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ডিসেম্বর মাসকে সামনে রেখে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন বিজিবি সদস্যরা। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত দায়িত্ব পালন করছেন ৪৯ বিজিবির সদস্যরা। দেশের সীমান্ত সুরক্ষায় তাদের এই কঠোর নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।