দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ

নারী শিক্ষকদের অনশনের খবর প্রকাশের পর আলোচনায় সিনিয়র সচিব-মাউশি ডিজি

২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ PM
সিনিয়র সচিব আবদুল খালেক ও অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল

সিনিয়র সচিব আবদুল খালেক ও অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল © টিডিসি সম্পাদিত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশের দাবিতে আগামী বুধবার (২৫ নভেম্বর) থেকে আমরনে যাচ্ছেন নারী শিক্ষকরা। বিষয়টি নিয়ে গতকাল রবিবার সংবাদ প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাস। পরে আজ সোমবার বিষয়টি নিয়ে মৌখিকভাবে আলোচনা করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এদিন দুপুর ৩টার পর সিনিয়র সচিব আবদুল খালেকের কক্ষে নারী শিক্ষকদের অনশনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে বদলির ফল কবে নাগাদ প্রকাশ করা হবে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি সূত্রটি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলির বিষয়টি মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। তবে নানা ধরনের জটিলতার কারণে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি কীভাবে সমাধান করা যায় তা নিয়ে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে।’

এর আগে গতকাল রবিবার ‘বদলির ফল প্রকাশের দাবিতে আমরণ অনশনে বসছেন নারী শিক্ষকরা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাস।

আন্দোলনের ঘোষণা দেওয়া একাধিক নারী শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু হবে। বদলির ফল প্রকাশ না করা পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

মিতালী (ছদ্মনাম) নামে এক শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলির ফল প্রকাশ না হওয়ায় নারী শিক্ষকদের সংসার ভেঙে যাচ্ছে। নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরির কারণে নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থায় আমরণ অনশন কর্মসূচি ছাড়া বিকল্প কোনো পথ নেই। আগামী ২৫ নভেম্বর প্রেস ক্লাবের সামনে আমাদের কর্মসূচি শুরু হবে।’

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়। সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আনুষ্ঠানিকভাবে সব কার্যক্রম শেষ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না মেলোয় ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

দীর্ঘ দুই মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো বদলির ফল প্রকাশ না হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন শিক্ষকরা। তারা বলছেন, বদলি নীতিমালায় পরিবর্তন করতে চাইলে করা হোক, তবে নীতিমালা পরিবর্তনের নামে কালক্ষেপন করা হচ্ছে। এভাবে সময়ক্ষেপন করে শিক্ষকদের রাজপথের আন্দোলনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

সাজেদা আক্তার নামে এক শিক্ষক বলেন, ‘অনেক আশা নিয়ে বদলির জন্য আবেদন করেছিলাম, পরিবার নিয়ে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু বদলি রেজাল্ট না হলে আত্মঘাতী সিদ্ধান্ত নেয়া ছাড়া কোন উপায় নাই।’

মো. মিনহাজুল নামে আরেক শিক্ষক বলেন, ‘বেসরকারি শিক্ষকদের কোনো কিছুই আন্দেলন ছাড়া দেওয়া হয়নি। বদলির ফলাফলের বিষয়টিও আন্দোলনের মাধ্যমেই আদায় করতে হবে বলে মনে হচ্ছে। আমরা রাজপথে যেতে চাই না, নিজ বাড়ির কাছাকাছি ফিরতে চাই। শিক্ষা মন্ত্রণালয় আমাদের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে।’

হাতিরঝিলে যুবককে কুপিয়ে জখম
  • ২৩ নভেম্বর ২০২৬
গোবিপ্রবিতে জুলাই ও হাদি হত্যার বিচার সংবলিত গ্রাফিতি মুছে …
  • ২৩ নভেম্বর ২০২৬
‘আপা আপা করিস না, ৩০ টাকায় পাইবা না’, অভিনব কৌশলে শীতের পোশ…
  • ২৩ নভেম্বর ২০২৬
নারী শিক্ষকদের অনশনের খবর প্রকাশের পর আলোচনায় সিনিয়র সচিব-ম…
  • ২৩ নভেম্বর ২০২৬
যথাসময়ে ঢাবির ভর্তি পরীক্ষা, প্রশংসায় শিক্ষামন্ত্রী
  • ২৩ নভেম্বর ২০২৬
কারিগরির এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
  • ২৩ নভেম্বর ২০২৬