সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে হাইকোর্ট। © টিডিসি সম্পাদিত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি নির্বাচন বন্ধ রাখার নির্দেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মো. মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
রুলে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
এর আগে গত ১৫ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের নতুন নিয়ম চূড়ান্ত না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কমিটি গঠনের কার্যক্রম বন্ধ রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে ‘নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬’ চূড়ান্ত না হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
পরে শিক্ষা বোর্ডের এ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। ওই রিটের শুনানি শেষে আদালত এ রুল জারি করেন।