জলবায়ু বিপর্যয়: জনস্বাস্থ্য রক্ষায় কাজ শুরুর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

২৬ জুন ২০২৬, ০৯:৫০ PM
সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল © সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বিপর্যয় থেকে মানবতাকে বাঁচাতে এবং বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় আর কোনো কালক্ষেপণ না করে সরাসরি মাঠপর্যায়ে কাজ শুরু করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং সংশ্লিষ্ট ‘অ্যালায়েন্স ফর ট্রান্সফরমেটিভ অ্যাকশনস অন ক্লাইমেট অ্যান্ড হেলথ’ (এটিএসিএইচ)-এর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, অনেক পরিকল্পনা ও আলোচনা হয়েছে, এখন আর শুধু আইডিয়া বা কথার কথা শোনার সময় নেই। মানুষ বাঁচাতে আমাদের এখনই কাজ দেখাতে হবে।

গতকাল (২৫ জুন) ফ্রান্সের প্যারিসে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত ‘অ্যালায়েন্স ফর ট্রান্সফরমেটিভ অ্যাকশনস অন ক্লাইমেট অ্যান্ড হেলথ (এটিএসিএইচ) এর জন্য সুপারিশ এবং সরবরাহ শৃঙ্খলসহ জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার অগ্রগতি ত্বরান্বিত করার প্রতিশ্রুতি’ শীর্ষক উচ্চ পর্যায়ের কৌশলগত সভায় মন্ত্রী এসব কথা বলেন। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং এটিএসিএইচের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ সভার আয়োজন করা হয়।

বক্তব্যের শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে চলমান তীব্র তাপপ্রবাহে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবার এবং ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এরপর তিনি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় গৃহীত পদক্ষেপসমূহ বিশদভাবে তুলে ধরেন।

কক্সবাজার থেকে শুরু করে সমগ্র দক্ষিণবঙ্গের বিশাল উপকূলীয় এলাকায় তীব্র সুপেয় পানির সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, চারদিকের পানি লবণাক্ত ও দূষিত হয়ে পড়েছে, যা পানের অযোগ্য তো বটেই, এমনকি নিত্যদিনের কাজেরও অনুপযোগী। ভূগর্ভস্থ পানির স্তর এতটাই নিচে নেমে গেছে যে সাধারণ কিংবা গভীর নলকূপ দিয়েও এখন পৃষ্ঠতলে পানি তোলা যাচ্ছে না।

নিম্ন ও মাঝারি আয়ের দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব অঞ্চলে ইতোমধ্যে সংক্রামক ও অসংক্রামক রোগব্যাধি মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। উন্নত দেশগুলোর তুলনায় পিছিয়ে থাকা এই রাষ্ট্রগুলোকে রক্ষায় জরুরি ভিত্তিতে বিশেষ স্বাস্থ্য তহবিল গঠনের দাবি জানান তিনি।

একই সাথে দেশের বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ কমাতে সনাতন পদ্ধতির কয়লাভিত্তিক ইটভাটার পরিবর্তে কংক্রিট স্ল্যাব বা আধুনিক ব্লক তৈরির প্রযুক্তি গ্রহণে বৈশ্বিক কারিগরি ও আর্থিক সহায়তার ওপর জোর দেন।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি দেশ উল্লেখ করে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ইতিমধ্যেই আমাদের জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে এবং রোগের প্রকোপ বাড়িয়ে স্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

এর মোকাবিলায় গৃহীত যুগান্তকারী পদক্ষেপ হিসেবে তিনি জানান, দেশে জলবায়ু ও স্বাস্থ্য বিষয়ক ঝুঁকির মূল্যায়ন শেষে ‘স্বাস্থ্য বিষয়ক জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৬-৩০’ (এইচএনএপি) প্রণয়ন করা হয়েছে, যা মূলত একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা।

এই অভিযোজন পরিকল্পনায় ডেঙ্গু ও অন্যান্য ভেক্টর-বাহিত রোগ, পানিবাহিত রোগ এবং তাপ ও বায়ুদূষণজনিত অসুস্থতাকে (যেমন— স্ট্রোক ও সিওপিডি) উচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সাথে অপুষ্টি, খাদ্য নিরাপত্তা, মাতৃ-নবজাতক ও প্রজনন স্বাস্থ্য, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা এবং দুর্যোগজনিত কারণে সৃষ্ট মানসিক আঘাত (ট্রমা) ও সামাজিক ঝুঁকির বিষয়গুলোকেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য ব্যবস্থা থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমন পরিমাপের জন্য ব্যবহারিক নির্দেশিকা তৈরি এবং স্বাস্থ্য, পরিবেশ, জ্বালানি ও পানি খাতের মধ্যে বহুমুখী সমন্বয় গড়ে তোলার জন্য বিশ্ব সংস্থাকে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান মন্ত্রী। এটিকে মানবতা রক্ষার লড়াই উল্লেখ করে তিনি বিশ্ব সংস্থাকে অলস বসে না থেকে পুরোপুরি কার্যকর সংস্থায় রূপান্তরিত হওয়ার আশা প্রকাশ করেন।

উচ্চ পর্যায়ের এই সভায় নেদারল্যান্ডসের স্বাস্থ্য কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল অনিতা ভ্যান ডে এনডে এবং ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগের আন্ডার সেক্রেটারি ড. গ্লোরিয়া জে. বালবোয়াসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল ইউনিসেফের আমন্ত্রণে গত ২১ জুন ডেনমার্কের কোপেনহেগেন গমন করেন এবং সেখান থেকে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমন্ত্রণে ২৪ জুন প্যারিস পৌঁছান। আগামী ২৭ জুন শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে।

শনিবার টানা ৮ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়
  • ২৬ জুন ২০২৬
ভেনেজুয়েলা: ছেলেকে খুঁজতে খালি হাতে ধ্বংসস্তূপ খুঁড়েই যাচ্ছ…
  • ২৬ জুন ২০২৬
স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে প্রধান শিক্ষককে জুতাপেটার অভিযোগ…
  • ২৬ জুন ২০২৬
আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫
  • ২৬ জুন ২০২৬
পরীক্ষা শেষে আটক তিতুমীর ছাত্র নাজিম কারাগারে
  • ২৬ জুন ২০২৬
বিশ্বকাপ ফুটবলে গোলের বন‍্যা, গ্রুপ পর্বেই গতবারকে টপকে গেল…
  • ২৬ জুন ২০২৬