ইউরোপের তাপপ্রবাহে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, দ্রুত জলবায়ু পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও প্রধানের

২৪ জুন ২০২৬, ০৪:১৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৬, ০৪:১৬ PM
ইউরোপরে চলমান তীব্র তাপপ্রবাহে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

ইউরোপরে চলমান তীব্র তাপপ্রবাহে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে © সংগৃহীত

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ মানুষের স্বাস্থ্যকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলছে বলে সতর্ক করেছেন টেড্রোস আধানম গেব্রেয়াসুস। একই সঙ্গে তিনি জলবায়ু-সহনশীল স্বাস্থ্যব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, ইউরোপের তাপপ্রবাহ ইতোমধ্যে বিভিন্ন দেশে স্কুল বন্ধ করতে বাধ্য করেছে এবং লাখো মানুষের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলছে। তার মতে, তথ্য-উপাত্ত স্পষ্টভাবে দেখাচ্ছে যে ইউরোপে তাপমাত্রা বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ভবিষ্যতে আরও ঘন ঘন এবং আরও তীব্র তাপপ্রবাহ দেখা দেওয়ার আশঙ্কা বাড়ছে। 

টেড্রোস বলেন, ‘আর কোনো বিলম্ব করা চলবে না। নেতাদের অবশ্যই জলবায়ু-সহনশীল স্বাস্থ্যব্যবস্থায় বিনিয়োগকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে জলবায়ু কার্যক্রম ত্বরান্বিত করতে হবে এবং জলবায়ু সংকটের মূল কারণগুলো মোকাবিলা করতে হবে।’

এদিকে ইউরোপের চলমান তাপপ্রবাহ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালি ও জার্মানিসহ পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড তাপমাত্রা দেখা যাচ্ছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। 

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, তীব্র গরমের কারণে ফ্রান্সে শত শত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং হাজারো শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রম সীমিত করা হয়েছে। যুক্তরাজ্যেও শত শত স্কুল সময়সূচি পরিবর্তন বা বন্ধ ঘোষণা করেছে। এছাড়া হাসপাতাল, পরিবহন ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহেও চাপ তৈরি হয়েছে। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ইতালির একাধিক শহরে স্বাস্থ্য সতর্কতা জারি রয়েছে, আর ফ্রান্সে তাপপ্রবাহের প্রভাবে বিদ্যুৎ বিভ্রাট, পরিবহন ব্যাহত হওয়া এবং তাপজনিত মৃত্যুর ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন : পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম: কে এই রাজনীতিক?

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপ বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় দ্রুত উষ্ণ হচ্ছে। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, মহাদেশটি বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণেরও বেশি হারে উষ্ণ হয়ে উঠছে, যা ভবিষ্যতে আরও দীর্ঘস্থায়ী ও প্রাণঘাতী তাপপ্রবাহের ঝুঁকি বাড়াচ্ছে। 

এর আগে ডব্লিউএইচওর ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স অঁরি পি. ক্লুগে জার্মানির বার্লিনে ডব্লিউএইচওর নতুন হিট-হেলথ অ্যাকশন প্ল্যানস গাইডেন্স প্রকাশ অনুষ্ঠানে সতর্ক করে জানিয়েছিলেন, গত চার বছরে (প্রায় ২০২২–২০২৫) ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট দেশগুলোতে তাপপ্রবাহে ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অধিকাংশই প্রতিরোধযোগ্য ছিল।

৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬
এসএসসির অকৃতকার্যদের জন্য বিশেষ পলিসি করবে সরকার, উদ্যোক্তা…
  • ৩০ আগস্ট ২০২৬
মোংলা ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসক-নার্স নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ৩০ আগস্ট ২০২৬
ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ…
  • ৩০ আগস্ট ২০২৬
জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির
  • ৩০ আগস্ট ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে জখম, জাসাস নেতাকে গ্রেপ্তারের…
  • ৩০ আগস্ট ২০২৬