স্বাস্থ্য অধিদপ্তরের অধীন দেশের সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১১ থেকে ২০তম গ্রেডের শূন্যপদে জনবল নিয়োগের অগ্রগতি জানতে চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নিয়োগপ্রক্রিয়া কত দূর এগিয়েছে, কতটি পদে নিয়োগ হয়েছে এবং কোন পদে নিয়োগ না হলে তার কারণ কী—এসব তথ্য জরুরি ভিত্তিতে চাওয়া হয়েছে।
গত ১২ অক্টোবর স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সব বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এবং সিভিল সার্জনদের প্রয়োজনীয় তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগযোগ্য পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণির, অর্থাৎ ১১ থেকে ২০তম গ্রেডের শূন্যপদে জনবল নিয়োগে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ জন্য সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়গুলোর কাছে কয়েক ধরনের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—ছাড়পত্র পাওয়ার তারিখ, ছাড়কৃত পদের সংখ্যা, নিয়োগপ্রাপ্ত জনবলের সংখ্যা এবং নিয়োগের তারিখ। কোনো পদে নিয়োগ সম্পন্ন না হয়ে থাকলে তার কারণও অগ্রগতি প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে নির্ধারিত ছক অনুযায়ী এসব তথ্য জরুরি ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।