অভিযুক্ত শিক্ষক মোছা. পারভীন আক্তার © টিডিসি ছবি
কক্সবাজারের চকরিয়ায় ভুয়া শিক্ষাগত যোগ্যতার সনদ দিয়ে চাকরি নেওয়ার অভিযোগে রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) মোছা. পারভীন আক্তার রিনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দাখিল করা তিনটি শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ে জাল বলে শনাক্ত হওয়ার পর বিদ্যালয় পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।
বিদ্যালয়ের অফিস আদেশ সূত্রে জানা গেছে, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের সময় এবং পরবর্তী সময়ে পারভীন আক্তার রিনা তিনটি শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দেন। সনদগুলো বিভিন্ন মাধ্যমে যাচাইয়ের পর সর্বশেষ সংশ্লিষ্ট সনদ প্রদানকারী প্রতিষ্ঠান দারুল ইহসান ট্রাস্টের কাছে পাঠানো হয়।
যাচাই-বাছাই শেষে দারুল ইহসান ট্রাস্ট কর্তৃপক্ষ লিখিতভাবে জানায়, জমা দেওয়া তিনটি সনদের কোনোটিই তাদের ইস্যু করা নয়।
এ ঘটনায় গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভায় পারভীন আক্তার রিনাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ নভেম্বর ২০২৬ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বাক্ষরিত অফিস আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং নিয়মিত বিদ্যালয়ে হাজিরা দেবেন। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা এবং গৃহীত বেতন-ভাতা ফেরত নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রধান শিক্ষক বরাবর লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, ধানমন্ডি, ঢাকার সাবেক শিক্ষার্থীদের সনদ ও রেকর্ডপত্র যাচাইয়ের ক্ষেত্রে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দারুল ইহসান ট্রাস্টের সচিব সংশ্লিষ্ট বিষয়ে মতামত ও প্রতিবেদন দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ নভেম্বর ট্রাস্টের সচিব মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পারভীন আক্তার রিনার দাখিল করা সনদগুলোকে ভুয়া বা জাল হিসেবে চিহ্নিত করা হয়।
বিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, সাময়িক বরখাস্তের আদেশটি অভিযুক্ত শিক্ষক পারভীন আক্তার রিনা ২৯ নভেম্বর গ্রহণ করেছেন। তিনি একই বিদ্যালয়ের সাবেক বরখাস্তকৃত প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের স্ত্রী।