বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে © সংগৃহীত
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। দূরপাল্লার বাস ও মহানগর এলাকায় চলাচলকারী বাসে নতুন ভাড়া কার্যকর হবে।
এর ফলে দূরপাল্লার পাশাপাশি রাজধানীসহ মহানগর এলাকায় বাসযাত্রীদের নিজ নিজ গন্তব্যে যেতে অতিরিক্ত ভাড়া গুনতে হবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন মালিকদের ব্যয় বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হলো।
এর আগে কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেয় সড়ক পরিবহন মালিক সমিতি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে এই ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।
সে হিসেবে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব দেয়া হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ইএফটিতে বেতন পেতে যেসব তথ্যের ভুলে ভোগান্তিতে শিক্ষক-কর্মচারীরা
গত রবিবার রাতে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। নতুন দরে প্রতি লিটার ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিনের দাম ১৫৫ টাকা, অকটেনের দাম ১৬৫ টাকা এবং পেট্রোলের দাম ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ওপর ভিত্তি করে পরিবহন ভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এতে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা ও সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। এ ছাড়া, নৌপথে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব রাখা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী কর্তৃৃক প্রচারিত এক জরুরি প্রেস বার্তায় এ প্রস্তাব করা হয়েছে। তবে শেষ পর্যন্ত ভাড়া ১৭ পয়সা করে বাড়াল সরকার।