আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান

১৫ নভেম্বর ২০২৬, ১০:১৩ AM
শামীম ওসমান

শামীম ওসমান © টিডিসি সম্পাদিত ছবি

২০২৪ সালের আগস্টের শেষে বাংলাদেশ ছেড়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমান। দেশে ফেরার বিষয়ে তিনি বলেছেন, কীভাবে ফিরবেন, তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। আলোচনা করে ফিরলে এক রকম হবে, আর আলোচনা ছাড়া ফিরলে হবে অন্য রকম। দেশের ওপর আঘাত এলে ফেরার পথও ভিন্ন হবে বলে মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত উপস্থাপক শারমিন চৌধুরীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন শামীম ওসমান। সেখানে তিনি দাবি করেন, ২০২৪ সালের ২১ জুলাই দেশ ছাড়ার যে আলোচনা রয়েছে, তা সঠিক নয়। ওই দিন অসুস্থ বড় বোনকে চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে যেতে ছেলে ও বোনকে বিমানবন্দরে পৌঁছে দিয়েছিলেন তিনি। এরপর নিজে আবার ফিরে আসেন।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন শামীম ওসমান। সম্প্রতি বিদেশে প্রকাশ্যে আসতে শুরু করেছেন তিনি। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থাপক জানতে চান, ২১ জুলাই দেশ ছাড়ার সময় বিমানবন্দরে শামীম ওসমানকে আটকে দেওয়া হয়েছিল কি না। জবাবে তিনি বলেন, ‘আপনার এই প্রশ্নটার জন্য ধন্যবাদ। এটা একটা গ্রুপ—মানে জানি না কারা ছড়াচ্ছে এবং হয়তো আমাকে ছোট করার জন্য, খাটো করার জন্য ছড়াচ্ছে। ২১শে জুলাই ২০২৪ সকালবেলায় আমি এয়ারপোর্টে গিয়েছিলাম, সাথে আমার ছেলে গিয়েছিল। আমার বড় বোন খুব গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিলেন। এই বড় বোনকে নিয়ে আমার ছেলেকে আমি দিতে গিয়েছিলাম। রাস্তাঘাটে অবস্থা খারাপ ছিল, তাই আমি তাদেরকে নিয়ে গিয়েছিলাম। দিয়ে ওরা যখন প্লেনে উঠে গেছে, আমি আবার চলে এসেছি। ওকে নিয়ে চেন্নাই গিয়েছিল চিকিৎসা করার জন্য। তারপর আমার ছেলের বেশ কিছুদিন পরে আর ফেরা হয়নি। হোয়াটএভার ইজ, এর মধ্যে ৫ই আগস্ট ঘটেই গেল। এটাকেই অনেকেই বানাচ্ছে, বলতে চাচ্ছে যে আমি ২১শে জুলাই দেশ থেকে চলে গিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘২১শে জুলাই যদি দেশ থেকেই চলে যেতে হয়, তাহলে ১৫ জুলাই আমি দেশে ফিরলাম কেন আমেরিকা থেকে? আমি তো আমেরিকায় থাকতে পারতাম! আমি তো জানছিলাম, আমি বুঝছিলাম অনেক আগে থেকেই। আমি নেত্রীর কাছে গিয়েছিলাম। আমি আপাকে বলেছি যে, ‘আপা, আপনি কারফিউ উঠান, প্লিজ কারফিউ উঠান।’ আমাদের জয়েন্ট সেক্রেটারি হানিফ ভাই আমার সাথে ছিলেন। একটু উত্তেজিত হয়েই বলেছিলাম। আরও কিছু লোক ছিল যাদেরকে আমি খুব একটা পছন্দ করতাম না। আমি বলেছিলাম। তো যাই হোক, বলার পরে কিছু লোক আমাকে উপদেশ দিতে আসছিল। আমি বুঝলাম যে আমার লিডার একটাই—শেখ হাসিনা, আর কেউ না।’

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৩ আগস্ট নারায়ণগঞ্জ থেকে বড় জনসমাগম নিয়ে ঢাকায় আসার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন বলে দাবি করেন শামীম ওসমান। তিনি বলেন, ‘আমি বলছি, ‘আপনি আমাদের বলেন, আমি ৩ তারিখে জনসভা ডেকেছি। আমাদের ২ লক্ষ-আড়াই লক্ষ লোক নারায়ণগঞ্জে হবে। আমি ওখান থেকে রওনা দেব। দেড় লাখ চলে যাবে, ১ লাখ নিয়ে আমি ঢাকায় আসছি। যাত্রাবাড়ীতে কথা হয়েছে, ওরা ৩০ হাজার আসবে। আশপাশ থেকে আরও ডাকেন, আমরা ২০ লাখ লোক ঢাকায় জড়ো হই। সেনাবাহিনী দরকার নেই, কেউ দরকার নেই, পুলিশ দরকার নেই।’ নেত্রী এটা হতে দেননি। কেন? উনি চাননি যে কোনো সিভিল ওয়ার হোক। উনার নামে বলা হচ্ছে—এআই দিয়ে বলা হচ্ছে টেলিফোনে উনি বলছেন গুলি করে মেরে ফেলতে, এই করতে।’

এ সময় নিজের বাস পুড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করে আবেগাপ্লুত হওয়ার কথাও জানান তিনি। শামীম ওসমান বলেন, ‘আমার যখন বাস পুড়িয়ে দিয়েছে সব, আমার চোখ দিয়ে পানি পড়েছে ভাই। হ্যাঁ, একদম সত্যি সত্যি পানি!’

অনুষ্ঠানের উপস্থাপক তখন জানতে চান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা দেওয়ার বিষয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছিল কি না। জবাবে শামীম ওসমান বলেন, ‘একটু শোনেন না!  ‘আপা, আমার...’ আমি খুব আবেগ নিয়ে বলছি যে, ‘আপা, আমার বাসগুলো সব পুড়িয়ে দেওয়া হয়েছে। একটা বাসের দাম ৭০ লাখ, ৮০ লাখ টাকা করে। সব পুড়িয়ে দেওয়া হয়েছে।’

‘উনি বললেন, ‘শামীম, তুমি দেখেছো কে পুড়িয়েছে?’ আমি বললাম, ‘না আপা, দেখিনি।’ ‘তাহলে কারো ওপর কিছু... ঝামেলা যাতে না হয়। থানায় মামলা করো।’ ‘আমি কার নামে মামলা করব? আমি তো দেখিনি।’ পরে এসপি—ওই পুলিশ যা করে—আমাদের একজনকে ডেকে নিয়ে গেল, কতজনের নাম দিয়ে একটা মামলা করে সই রেখে দিয়েছে। আমি জানিও না কাদের নামে মামলা হয়েছে। আমি তো ১৯ বছর ক্ষমতায়। শামীম ওসমানের সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দেবে, গাড়ি জ্বালিয়ে দেবে—ওদের বাড়িঘর তো জ্বলার কথা ছিল, আমরা জ্বালাইনি তো।’

পরে উপস্থাপক আবার জানতে চান, তিনি ঠিক কবে দেশ ছেড়েছেন। জবাবে শামীম ওসমান বলেন, ‘আমি দেশ ছেড়েছি আগস্ট মাসের শেষে।’

দেশ ছাড়ার সময় সরকারি দায়িত্বে থাকা কারও সহায়তা পেয়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, না, এ ব্যাপারে আমরা এক্সপার্ট। আপনি যদি যেতে চান, বলেন—আমি নিয়ে যাব আপনাদের। আমি আজকের থেকে না, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। আমরা জানি যে রুট কী। আমি এতদিনে ২০ বার বাংলাদেশে যেতাম, ২০ বার আসতে পারতাম। প্রবলেম হয়ে গেছে আমার একটাই—আমি ৬ ফুট ২ ইঞ্চি লম্বা। আমি যদি ৬ ফুট ২ ইঞ্চি না হয়ে ৫ ফুট ২ ইঞ্চি হতাম, আমি কবে বাংলাদেশে যেয়ে বসে থাকতাম!’

দেশ ছাড়ার সময় বোরকা পরেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘আচ্ছা, ৬ ফুট ২ ইঞ্চি বাংলাদেশে কোনো মহিলা আছে যে বোরকা পরবে?’

এরপর নিজের উচ্চতা উল্লেখ করে তিনি বলেন, ‘৬ ফুট ২ ইঞ্চি লম্বা মানুষ আমি। যদি একটু উঁচু স্যান্ডেল পরি, তাহলে আরও ১ ইঞ্চি বেড়ে গেল। তাহলে ৬ ফুট ৩ ইঞ্চি বোরকা লাগবে। তো ৬ ফুট ৩ ইঞ্চি হয়ে যদি একটা মানুষ বোরকা পরে হাঁটে, ওর তো আরও মসিবত বেশি হবে—যে কোন মহিলা আসলো বাংলাদেশ থেকে! জিন আসলো না মহিলা আসলো! বাংলাদেশের মহিলারা তো ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা হয় না। তো যে বলে, ও হয় মাতাল, না হয় অন্য কিছু হবে, না হলে হোয়াটএভার।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থাপক জানতে চান, দেশে ফেরার সময়ও একই ধরনের কোনো পদ্ধতি অনুসরণ করবেন কি না। জবাবে শামীম ওসমান বলেন, ‘হ্যাঁ, ফেরার সময় হাজারো রাস্তা আছে ফেরার। কীভাবে ফিরব সেটার ওপর ডিপেন্ড করে। আলোচনা করে ফিরলে একরকম, আলোচনা ছাড়া ফিরলে একরকম। যদি আমাদের দেশের ওপরে ওরা আঘাত করে দেয় তাহলে একরকম, যদি আঘাত না করে তাহলে একরকম।’

মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950