বরগুনা
বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। © সংগৃহীত
বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মামুন (২৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, রোগীর শারীরিক অবস্থার অবনতি ও শ্বাসকষ্টের বিষয়টি বারবার দায়িত্বে থাকা নার্সদের জানানো হলেও তারা সময়মতো সাড়া দেননি। এ ঘটনায় দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগে সংশ্লিষ্ট ওয়ার্ডের চার সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাদের এ নোটিশ দেওয়া হয়। আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালেই মামুনের মৃত্যু হয়।
নোটিশ পাওয়া চার নার্স হলেন আফরিন জান্নাত, শীলা হাওলাদার, রুমানা ফেরদৌস ও মাহফুজা আক্তার। তারা সবাই বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার বাসিন্দা মামুনকে শুক্রবার দুপুরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে রোগীর ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে দায়িত্বে থাকা নার্সরা ডেস্কে বসে ছিলেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তারা রোগীকে ‘নাটক করছেন’ বলেও মন্তব্য করেন বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, রাত ১১টার দিকে মামুনের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি রক্তবমি করতে থাকেন। এ সময় জরুরি বিভাগে দায়িত্ব পালনরত চিকিৎসককে বিষয়টি জানানো হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আরেক রোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শী মোসা. সেতারা বেগম বলেন, রাতে মামুনের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তিনি নার্সদের বিষয়টি জানান। বারবার বলার পরও তারা রোগীর কাছে আসেননি। তার অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়ায় মামুনের মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রায় ৩০ মিনিট পর একজন নার্স এসে তাঁর ইসিজি করেন বলেও দাবি করেন সেতারা বেগম।
এ বিষয়ে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, তারা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।