প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় © সংগৃহীত
বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের চলাফেরা, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার এবং স্থানীয় আইন মেনে চলার বিষয়ে ১০টি জরুরি নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কর্মসংস্থানের নিরাপত্তা ও দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে প্রবাসীদের এসব করণীয় ও বর্জনীয় বিষয় কঠোরভাবে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ নির্দেশনার কথা জানায়।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন-কানুন, স্থানীয় সাইবার আইন, কর্মস্থলের বিধি-বিধান এবং সামাজিক ও সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার, তথ্য শেয়ারের আগে সত্যতা যাচাই, অপরিচিত লিংক বা বার্তা থেকে সতর্ক থাকা এবং প্রতারণা ও ফিশিং (Phishing) এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য যেসব বিষয়ে কড়া নিষেধাজ্ঞা বা বর্জনীয় বিষয় তুলে ধরা হয়েছে তা হলো:
১. উগ্রবাদ ও সন্ত্রাসী বার্তা: সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনের সংলগ্ন কোনো পোস্ট, ছবি বা ভিডিও শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকা।
২. আন্তর্জাতিক সংঘাত নিয়ে পোস্ট: ইসরায়েল-ফিলিস্তিন বা ইরান-ইসরায়েল সংঘাতের মতো স্পর্শকাতর বিষয়ে স্থানীয় আইন লঙ্ঘন করে এমন কোনো উসকানিমূলক মন্তব্য বা তথ্য প্রচার না করা।
৩. রাজনৈতিক ও অনলাইন প্রচারণা: অবস্থানরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল বা অনলাইন প্রচারণায় সম্পৃক্ত না হওয়া।
৪. সংবেদনশীল স্থানের ছবি ও ভিডিও: কর্মস্থল, বিমানবন্দর, সমুদ্রবন্দর ও সরকারি বা নিরাপত্তা সম্পর্কিত স্থাপনার ছবি বা ভিডিও ধারণ এবং প্রকাশ না করা।
৫. ব্যক্তিগত তথ্যের সুরক্ষা: নিজের বা অন্য কারও পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করা।
৬. বিদ্বেষমূলক মন্তব্য: ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ সৃষ্টি করতে পারে এমন কোনো পোস্ট বা বিতর্কে অংশ না নেওয়া।
৭. অনলাইন প্রতারণা ও ক্রিপ্টোকারেন্সি: ভুয়া চাকরির বিজ্ঞাপন, দ্রুত আয়ের প্রলোভন, অবৈধ ভিসা বা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত অনৈতিক কার্যক্রমে জড়িত না হওয়া।
৮. অপরাধমূলক কর্মকাণ্ডে সমর্থন: কোনো অপরাধ, সহিংসতা বা অনিয়মকে সমর্থন বা প্রশংসা করে প্রতিক্রিয়া না দেওয়া।
৯. অযাচাইকৃত অনুদান: সঠিক যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়া।
১০. গুজব ও ভুয়া তথ্য: কোনো ধরনের গুজব, ভুয়া সংবাদ বা বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো থেকে বিরত থাকা।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, বিদেশে কর্মরত বাংলাদেশিদের সুরক্ষা নিশ্চিত করা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।