সংসদের অধিবেশন © সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনীত পাঁচ সংসদ সদস্যের মধ্যে চারজন বিএনপির এবং একজন বাংলাদেশ জামায়াতে ইসলামীর।
আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাদের নাম ঘোষণা করেন। এ সময় স্পিকার নিজেই অধিবেশনে সভাপতিত্ব করেন।
মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন—নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসন-৩-এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
দলীয় পরিচয়ে মো. শাহজাহান, সরওয়ার জামাল নিজাম, মুহাম্মদ নওশাদ জমির ও রাশেদা বেগম হীরা বিএনপির সংসদ সদস্য। অন্যদিকে শাহজাহান চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠতার ক্রমানুসারে যেকোনো সদস্য অধিবেশনে সভাপতিত্ব করার দায়িত্ব পালন করেন।