আড়াই মিনিটের প্রশ্নে প্রতিমন্ত্রীর কাছে যা জানতে চাইলেন হাসনাত

০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪১ PM
প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও হাসনাত আবদুল্লাহ

প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও হাসনাত আবদুল্লাহ © সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের দুর্নীতি, সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ তৈরির অগ্রগতি জানতে চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি দেশের রাজস্ব আয়, মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি, বেসরকারি খাতে ঋণ বিতরণ ও কর্মসংস্থানের পরিস্থিতিও তুলে ধরেন।

আজ সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব প্রশ্ন করেন।

প্রশ্নের শুরুতে হাসনাত আব্দুল্লাহ বলেন, অর্থনৈতিক সংকটের মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রার বিপরীতে ৪ লাখ ৩ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি। তবে এই লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় বলে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। কারণ, প্রথম প্রান্তিকে লক্ষ্যমাত্রার চেয়ে ১ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে।

তিনি আরও বলেন, বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। তবে বছর শেষে তা ১১ শতাংশে পৌঁছাতে পারে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হলেও আইএমএফের পূর্বাভাস অনুযায়ী তা ৩ দশমিক ২ শতাংশে নেমে আসতে পারে। পরের বছর তা আরও কমে ২ দশমিক ২ শতাংশে পৌঁছাতে পারে।

বেসরকারি খাতের ঋণ পরিস্থিতি তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত তিন দশকের মধ্যে বেসরকারি খাতে ঋণ বিতরণের হার সবচেয়ে কমে ৩ দশমিক ৪২ শতাংশে নেমে এসেছে। এ খাতে কোনো ধরনের ঋণ বিতরণ হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ১৮ মাসে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা থাকলেও এখন পর্যন্ত প্রকৃতপক্ষে কত কর্মসংস্থান হয়েছে, সেই তথ্য জানা যায়নি। বরং কর্মসংস্থান বেড়েছে তো নয়ই, উল্টো ৩৫ শতাংশ কমেছে।

এরপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ‘একটি বাড়ি একটি খামার’ নামে পরিচিত প্রকল্পটির নাম পরিবর্তন করে ‘আমার বাড়ি আমার খামার’ রাখা হয়। প্রকল্পটিতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে কতসংখ্যক নতুন কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি হয়েছে, যারা জাতীয় জিডিপিতে অবদান রাখছে। পাশাপাশি প্রকল্পের দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেসব মামলার বিচার কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়েও তথ্য চান তিনি।

জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘এটা আমার মনে হয় যে মাননীয় সংসদ সদস্য বিস্তারিত একটা নোটিশ দিলে এরপরে বিস্তারিত এখানে উত্থাপন করতে আমার জন্য সুবিধা হবে। আর উনি অনেকগুলো প্রশ্ন করেছেন বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের আলাদা আলাদা নোটিশ করলে উনি বিস্তারিত উত্তর মহান সংসদে পাবেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল
  • ০৯ নভেম্বর ২০২৬
সাংবাদিকদের বয়কটেও কোনো কাজ হচ্ছে না
  • ০৯ নভেম্বর ২০২৬
উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদেশে পড়াশোনার খরচে অনুমতি লাগবে না
  • ০৯ নভেম্বর ২০২৬
ইউআইইউ এবং জাপানের লুপ ইনকরপোরেটেড’র মধ্যে সমঝোতা স্মারক অন…
  • ০৯ নভেম্বর ২০২৬
হাসিনাকে দেশে ফেরাতে কাশবনে শপথ, ভিডিও ভাইরাল
  • ০৯ নভেম্বর ২০২৬
পূর্বধলায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950