সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ © সংগৃহীত
জাতীয় সংসদের অধিবেশনে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের গ্রেপ্তার ও কারাগারে থাকার বিষয়ে একটি পত্র পাঠ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি হত্যা প্ররোচনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পত্রে জানানো হয়।
আজ সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী সংসদ সদস্যদের অবহিত করতে স্পিকার এ পত্র পাঠ করেন।
পত্রে বলা হয়, সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় রুজু হওয়া ১৬৯৫ নম্বর সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। ওই দিন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার নাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে তাকে থানায় নেওয়া হয়।
পরে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৬ ধারায় দায়ের করা একটি এজাহারের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটির নম্বর ১৬ এবং জিআর নম্বর ১৯৭।
পত্রে আরও জানানো হয়, ২১ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্পীকার বলেন, বর্তমানে জিএম নজরুল ইসলাম ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দী রয়েছেন। কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী বিষয়টি সংসদ সদস্যদের অবহিত করা হয়েছে।