ইসলামী বিশ্ববিদ্যালয়েল বাস © সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামক বাসে গাড়াগঞ্জ নামক এলাকা অতিক্রম করার সময় এই হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটই বাজারে রাস্তার নির্মাণ কাজের কারণে দীর্ঘ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসগুলো জ্যামে আটকে ছিল। জ্যাম ছাড়ার কিছুক্ষণ পরেই বাসটি চলতে শুরু করলে গাড়াগঞ্জ এলাকার কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেল আরোহী বাসটি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। বাসটি চলন্ত অবস্থায় থাকায় এবং গতির কারণে বোমাটি বাসের চাকায় লেগে রাস্তায় ছিটকে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে পেট্রল বোমা নিক্ষেপকারীদের পরিচয় বা তাদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, আগামীকাল ঘোষিত নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এ ধরনের অপকর্ম চালানো হয়েছে।
বাসে থাকা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বর্ষা বলেন, আমরা দীর্ঘ সময় জ্যামে আটকে ছিলাম। বাস চলতে শুরু করার কিছুক্ষণ পরেই বাস লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। মানুষের জীবনের নিরাপত্তা কি আদৌ আছে? ক্ষমতা ভোগ করবে বিভিন্ন দল আর দিনশেষে হামলার স্বীকার হতে হবে আমাদের মতো সাধারণ শিক্ষার্থী, জনগণের। বোমাটা যদি আর ১-২ ইঞ্চি এদিক-ওদিক হয়ে টায়ারে লাগতো আজকে আর আমি বেঁচে থাকতাম না। আমার জীবনের নিরাপত্তা কে দিবে?
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মামুনুর রশীদ বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে সারাদেশেই একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাসে এই বোমা নিক্ষেপের ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি। আমরা আমাদের পক্ষ থেকে টহল জোরদার করেছি। পুলিশ সদস্যরা সব সময় সজাগ আছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।