সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন ও চাকরি বদলে জরুরি নির্দেশনা

২৯ জুন ২০২৬, ০২:৪১ PM
সৌদি আরব

সৌদি আরব © সংগৃহীত ও সম্পাদিত

সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট (ওয়ার্ক পারমিট) নবায়ন ও চাকরি স্থানান্তর বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন কিওয়া (Qiwa) প্ল্যাটফর্ম।

সৌদি গেজেট জানিয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত নিয়োগকর্তারা কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবেন। তবে ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ, তাদের নিয়োগকর্তার প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হবে।

কিওয়ার ব্যাখ্যায় বলা হয়েছে, কোনো কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় নবায়ন না হলে তাকে প্রতিষ্ঠানের তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে। তবে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কর্মীকে যতদিন কাজ করানো হয়েছে, সেই সময়ের সব বকেয়া ফি ও আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে।

এ কারণে নির্ধারিত সময়সীমার আগেই সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়মিত করার জন্য নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে প্ল্যাটফর্মটি।

তবে একটি ব্যতিক্রমও উল্লেখ করা হয়েছে। কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলেও তার ইকামার (বাসস্থান অনুমতি) মেয়াদ যদি এখনও কমপক্ষে ১৮০ দিন বৈধ থাকে, তাহলে ওয়ার্ক পারমিট নবায়ন সম্ভব না হলেও তাকে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অপসারণ করা হবে না।

অন্যদিকে ইকামার অবশিষ্ট মেয়াদ ১৮০ দিনের কম হলে প্রশাসনিক জটিলতা এড়াতে নিয়োগকর্তাকে একসঙ্গে ইকামা ও ওয়ার্ক পারমিট—দুটিই নবায়ন করতে হবে।

কিওয়া আরও জানিয়েছে, যেসব প্রবাসী কর্মী তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ বা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করছেন, তাদের নামও স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাতিল হয়ে যাবে। এ ক্ষেত্রেও কর্মীকে অবৈধভাবে কাজে রাখার সময়ের সব বকেয়া ফি ও আর্থিক দায়ভার নিয়োগকর্তাকেই বহন করতে হবে।

আইনগত ব্যবস্থা ও অতিরিক্ত আর্থিক দায় এড়াতে বকেয়া ওয়ার্ক পারমিট ফি দ্রুত পরিশোধ, ওয়ার্ক পারমিট নবায়ন অথবা কর্মীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে কিওয়া।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬