চিকিৎসকদের যার বাড়ি যেখানে, চাইলে ওখানেই পোস্টিং দেব: স্বাস্থ্যমন্ত্রী

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ PM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল © টিডিসি ফটো

স্বাস্থ্যসেবাকে নিরবচ্ছিন্ন ও সহজলভ্য করতে চিকিৎসকদের পছন্দের জায়গায় পোস্টিং দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। চিকিৎসকদের নিয়োগকৃত কর্মস্থলের বাইরে সংযুক্ত রাখার জন্য প্রচলিত লিয়েন প্রথা কমিয়ে আনা হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা একটা পলিসি নিচ্ছি, সেটা হল— যে যেখানে যেতে চায়, যার বাড়ি যেখানে, যেতে চাইলে ওখানে আমরা (পোস্টিং) দেব। দ্রুতই আমরা শুরু করব। কারণ অন্তত চক্ষুলজ্জায় হলেও সে সার্ভিসটা দিবে। তার বাপ, চাচা, আত্মীয়-স্বজন বা শ্বশুরবাড়ি, এলাকার পরিচিত মানুষজন সবার চোখের সামনে সে ফাঁকিটা দিবে না। আর বাইরে তার ব্যস্ততা থাকবে না। এটা আমরা আইডেন্টিফাই করেছি। আমরা জিজ্ঞাসা করব তুমি কোথায় যেতে চাও, কোথায় কমফোর্টেবল, ওখানে আমরা দেব।

তিনি বলেন, লিয়েন যে ট্রেন্ড আছে, এটা আমরা কমিয়ে আনব। যেগুলো অলরেডি লিয়েনে চলে গিয়েছে, ওগুলো আমরা রিপ্লেস করব অথবা তাদেরকে বাধ্য করব আসতে, যাতে প্রেজেন্সটা থাকে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে সিভিল সার্জনদের সাথে জুম মিটিং করেছি। তাদের বলেছি, শুধু অফিসে বসে থাকলে চলবে না, নিয়মিত মাঠ পর্যায়ে পরিদর্শনে যেতে হবে। এছাড়া চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

স্বাস্থ্য খাতের শূন্যপদগুলো যাচাই করে দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে তা পূরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। বলেন, প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে প্রতিটি কমিউনিটি ক্লিনিক সচল করা হবে, যাতে মায়েরা সেখান থেকেই প্রাথমিক সকল স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন। এছাড়া পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতির অভাবে যেসব হাসপাতাল অচল হয়ে পড়ে আছে, সেগুলো পুনরায় সচল করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে কিশোর গ্যাং হামলা, আহত ৩
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আসামিকে না পেয়ে আসামির ছোটভাই ও তার স্ত্রীকে পুলিশের মারধর
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
চিকিৎসকদের যার বাড়ি যেখানে, চাইলে ওখানেই পোস্টিং দেব: স্বাস…
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ভারত, …
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে শিডিউল মেসেজিং সিস্টেম
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬