নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর নোবিপ্রবি ক্যাম্পাস

১৯ জুলাই ২০২৬, ০৩:১০ PM
হাতে ফুল ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীরা

হাতে ফুল ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীরা © টিডিসি

২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাস। রবিবার (১৯ জুলাই) স্নাতক প্রথম বর্ষের উদ্বোধনী ও ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে উচ্চশিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নতুন শিক্ষার্থীরা। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

​বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগ ও ২টি ইনস্টিটিউট নিজস্ব ও নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে বিভাগগুলো নবীনদের ফুল, কলম, ফাইল ও ব্যাগসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী উপহার দিয়ে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানায়। বিভাগীয় শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষার্থীদের উপস্থিতিতে নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

​বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিজ নিজ বিভাগে উপস্থিত থেকে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

​প্রথম দিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী অর্পণ সরকার বলেন, ‘নবীনবরণ অনুষ্ঠানকে ঘিরে আমি ভীষণ উচ্ছ্বসিত ছিলাম। জীবনে প্রথমবার কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশনে অংশ নেওয়ার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। শিক্ষকদের সঙ্গে পরিচিত হওয়া এবং তাদের কাছ থেকে উপদেশমূলক দিকনির্দেশনা পাওয়া আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে সিনিয়র ভাই-আপুদের আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ আচরণ আমাকে মুগ্ধ করেছে। পুরো ক্যাম্পাসটি বেশ গোছানো ও মনোরম।’

​একই অনুভূতি প্রকাশ করে অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থী মো. আতিকুর রহমান বলেন, ‘আজ আমাদের অর্থনীতি বিভাগের ওরিয়েন্টেশন ছিল। শিক্ষকমণ্ডলী ও সিনিয়ররা বিভাগের বিভিন্ন কার্যক্রম, সুযোগ-সুবিধা, একাডেমিক পরিবেশ এবং ভবিষ্যৎ পথচলা সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছেন। পাশাপাশি কীভাবে নিজেদের দক্ষতা গড়ে তোলা যায় এবং বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি সুযোগকে কাজে লাগানো যায়, সে বিষয়েও সঠিক গাইডলাইন দিয়েছেন। তাদের মূল্যবান পরামর্শ ও আন্তরিক উৎসাহ সত্যিই অনুপ্রাণিত করেছে। নতুন এই যাত্রায় সুন্দর কিছু শেখার ও এগিয়ে যাওয়ার অপেক্ষায় আছি।’

​নতুন ভবন, নতুন পরিবেশ আর অচেনা সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়ার মধ্য দিয়ে ক্যাম্পাসের পথে পথে এখন নতুনের এক অন্যরকম উৎসবের আমেজ বিরাজ করছে। মুগ্ধ চোখে চারপাশ দেখা আর নতুন স্বপ্নের জাল বোনার মধ্য দিয়েই মুখর হয়ে উঠেছে পুরো নোবিপ্রবি ক্যাম্পাস।

ফাইনালের আগে গোসলের ভিডিও দিলেন রোনালদো, দেখালেন ‘ভি’ সাইনও
  • ২০ জুলাই ২০২৬
বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে খেলা দেখানোর জায়ান্ট স্ক্রিন ব…
  • ২০ জুলাই ২০২৬
বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাপটপসহ ৫ লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে …
  • ২০ জুলাই ২০২৬
ফাইনালে চমক নেই স্পেনের একাদশে
  • ১৯ জুলাই ২০২৬
যে ৭ কারণে বিশ্বকাপ জিততে পারে স্পেন
  • ১৯ জুলাই ২০২৬
তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা,দেখুন শুরুর একাদশ
  • ১৯ জুলাই ২০২৬