মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট © সংগৃহীত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির আবেদন গ্রহণের নির্দেশনা দিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এ আবেদন গ্রহণ করা হবে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রদর্শিত শূন্য পদের তালিকা থেকে পছন্দের মাদ্রাসা নির্বাচন করে নির্ধারিত ছক অনুযায়ী আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বর্তমান পদের প্রথম ও শেষ এমপিও কপি, বর্তমান কর্মস্থলে যোগদানপত্র এবং কর্মস্থলের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।
এসব কাগজপত্রসহ আবেদন মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর পাঠাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বদলির জন্য আবেদনকারীর বর্তমান কর্মস্থলে চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বদলি নীতিমালা অনুসরণ করে আবেদন করতে হবে। প্রতিষ্ঠানপ্রধান আবেদনগুলো গ্রহণ করে একটি অগ্রায়নপত্রের মাধ্যমে মহাপরিচালক বরাবর পাঠাবেন এবং একটি অনুলিপি প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন।
কোনো আবেদনকারীর বিরুদ্ধে এমপিও স্থগিত, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা চলমান থাকলে তাঁর বদলির আবেদন ফরোয়ার্ড করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য অগ্রায়ন/ প্রদান করলে প্রতিষ্ঠান প্রধান ও আবেদনকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বদলি কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। কোন রকম তদবির করা, অসদুপায় গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। এ সংক্রান্ত অভিযোগের সাথে জড়িত থাকলে বদলি অযোগ্য বিবেচিত হবেন এবং অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বদলির আবেদন গ্রহণের কার্যক্রম আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত চলবে। সংশ্লিষ্টদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী আবেদন করা যাবে।