বাস চাপায় নিহত রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীব। © সংগৃহীত
রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ সংলগ্ন সড়কে আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দু’সপ্তাহ আগে ওই স্থানটিতে বাস চাপায় কলেজটির দুই শিক্ষার্থী নিহতের পর নিরাপদ সড়কের আন্দোলনে উত্তাল হয়েছিলো পুরো দেশ।
রোববার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আন্ডারপাসের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের বিষয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদসহ বেসামরিক ও সামরিক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কের এমইএস এলাকায় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীব নিহত হন।
এরপর নিরাপদ সড়কের দাবিতে সড়কে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। নয় দফা দাবিতে শিক্ষার্থীদের সে আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে। আন্দোলনের মুখে সরকারও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয়।
মন্ত্রিসভায় পাস করা হয় দীর্ঘদিন ধরে আটকে থাকা সড়ক নিরাপত্তা আইনের খসড়া। প্রধানমন্ত্রী ইতোমধ্যে রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থীদের জন্য পাঁচটি বাস দিয়েছেন। এ ছাড়া সরকারের পক্ষ থেকে নিহত দুজনের পরিবারকে ২০ লাখ টাকা করে দেওয়া হয়েছে। আর আজ রমিজ উদ্দিন কলেজ সংলগ্ন সড়কে আন্ডারপাসের ভিত্তিপ্রস্তরও উদ্বোধন করলেন সরকারপ্রধান।