বৃহস্পতিবার এইচএসসির ফল! প্রধানমন্ত্রীর ‘হ্যাঁ-না’, সচিবের কপাল কেন পুড়ল?

২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ PM
প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল © ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ নিয়ে শিক্ষা প্রশাসনে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। আগামী ২৯ অক্টোবর ফল প্রকাশের সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অথচ ফল প্রকাশের মাত্র দুই দিন আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারকে কুমিল্লায় বদলি করা হয়েছে। ফল প্রকাশের ঠিক আগে এমন বদলির ঘটনায় শিক্ষা প্রশাসনের ভেতরে নানা আলোচনা চলছে। প্রশ্ন উঠেছে, ফল প্রকাশের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি নেওয়া হয়নি কেন, আর সেই দায়ই বা ঢাকা বোর্ডের সচিবের ওপর কেন বর্তাল?

শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা শিক্ষা বোর্ড ও শিক্ষা ক্যাডারে কর্মরত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের বিষয়ে অনড় অবস্থানে ছিল শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ওই তারিখ উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করে।

তবে ফল প্রকাশের তারিখ ঘোষণার প্রক্রিয়ায় সমন্বয়ের ঘাটতি নিয়েই এখন আলোচনা বেশি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২৯ অক্টোবর ফল প্রকাশের বিজ্ঞপ্তি জারির আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিষয়টি অবহিত করা হয়নি। যদিও ফল প্রকাশের তারিখ নির্ধারণ ও বিজ্ঞপ্তি জারির সঙ্গে সংশ্লিষ্ট বোর্ডগুলোর ভূমিকা থাকলেও প্রধানমন্ত্রীকে অবহিত করা কিংবা প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়ে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় না হওয়ার দায় শেষ পর্যন্ত এসে পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের ওপর। বিষয়টির দায় নিতে নারাজ শিক্ষা মন্ত্রণালয়। এজন্য তাকে কুমিল্লায় বদলি করা হয়। ফলে ফল প্রকাশের মাত্র দুই দিন আগে তার বদলির সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

বোর্ডের এক কর্মকর্তা জানান, সাধারণত অফিসিয়াল যেকোনো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকেন বোর্ড সচিব। ফল সংক্রান্ত ইস্যুতে যোগাযোগে কোনো ঘাটতি থাকায় তার বদলির কারণ হতে পারে। আওয়ামী লীগ আমলে সুবিধাগ্রহণ সংক্রান্ত কিছু অভিযোগের বিষয়গুলোও সামনে আনা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এইচএসসির ফল প্রকাশের তারিখ নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। কিন্তু সিদ্ধান্ত ঘোষণার আগে প্রয়োজনীয় পর্যায়ে যোগাযোগ বা অবহিতকরণ না হয়ে থাকলে তার দায় নির্ধারণে প্রশাসনিক দায়িত্বের বিষয়টি সামনে আসা স্বাভাবিক। তবে এ ঘটনায় সচিবকে বদলির বিষয়টি শুভঙ্করের ফাঁকি।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার বিষয়টি ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের ঘাড়ে দেওয়া হয়েছে। তাকে এ জন্য বদলি করা হয়ে থাকতে পারে।’

এ বিষয়ে জানতে সদ্য বদলি হওয়া ঢাকা শিক্ষা বোর্ডের অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার চাইলে দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণের বিষয়ে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। ফল প্রকাশের তারিখ নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে আমি কিছু জানি না। এ বিষয়ে আমার কোনো ভূমিকা ছিল না।’

জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি হননি।

বক্তব্য জানতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

হাঁটার নতুন কৌশল ‘ইন্টারভ্যাল ওয়াকিং ট্রেনিং’, মেদ ঝরাতে জে…
  • ২৬ অক্টোবর ২০২৬
পবিপ্রবিতে র‍্যাগিং-নির্যাতনের দায়ে ১১ শিক্ষার্থীর অর্থদণ্ড…
  • ২৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষ হলেও শপথ নিতে পারেননি রাবির সিনেট ছাত্র প্রতিনিধি…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্লোবাল মিডিয়া ও তথ্য সাক্ষরতা…
  • ২৬ অক্টোবর ২০২৬
চিনি কি সত্যিই শরীরের জন্য বিষ, যা বলছেন পুষ্টিবিদরা
  • ২৬ অক্টোবর ২০২৬
আনসার-ভিডিপিতে ২২৮ পদে চাকরি, আবেদনে বাকি ৩ দিন
  • ২৬ অক্টোবর ২০২৬