মাউশি © ফাইল ফটো
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পেতে পারেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, মঙ্গলবার বিকেলে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার বেতনের ডাটা আইবাসে পাঠানো হবে। আগামী বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পেতে পারেন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষমন্ত্রীর নির্দেশনা অনুুযায়ী শিক্ষক-কর্মচারীদের মাসের শুরুতে অর্থাৎ ১ তারিখে বেতন-ভাতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আশা করছি এবার শিক্ষকরা ১ অক্টোবর সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পাবেন।’
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।