ড. জাহিদা বেগম © সংগৃহীত
বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (প্রশিক্ষণ-২) সহযোগী অধ্যাপক ড. জাহিদা বেগমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল রবিবার (২২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
এতে তাকে মাউশি অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৯ নভেম্বর এক প্রজ্ঞাপনে জাহিদা বেগমকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে প্রেষণে পদায়ন করা হয়েছিল। তবে এ পদায়ন নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এর চার দিনের মাথায় নতুন আদেশে তাকে ওএসডি করা হলো।
জাহিদা বেগমের বিরুদ্ধে মাউশির প্রশিক্ষণ শাখায় দায়িত্ব পালনকালে প্রশিক্ষণের অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার তৈরি ও স্বজনপ্রীতির মাধ্যমে বিদেশে প্রশিক্ষণের জন্য শিক্ষক নির্বাচনসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে বিভিন্ন সময়ে লিখিত অভিযোগও জমা পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক ঘনিষ্ঠতার প্রভাব খাটিয়ে পদায়ন ও বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে ২৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তার বিরুদ্ধে। তার স্বামী উপসচিব কামরুজ্জামান ২৭তম বিসিএসের কর্মকর্তা। তিনি বর্তমানে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মরত।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই দম্পতির সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। এই পরিচয়ে তারা নানা সুযোগ-সুবিধা ভোগ করেছেন।
সম্প্রতি জাহিদা বেগমকে এনসিটিবিতে পদায়নের পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই চার দিনের ব্যবধানে তাকে ওএসডি করার সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয়।