আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একই সঙ্গে হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে। রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করবেন। এসময় রিটার্নিং অফিসারগণ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, একই দিনে স্ব স্ব হল কর্তৃপক্ষ হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করবে।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে। গত মাসের শেষের দিকে এ নির্বাচন বিষয়ে হল প্রাধ্যক্ষ এবং ডাকসু নির্বাচন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে উপাচার্য আখতারুজ্জামান এই তারিখ নির্ধারণ করেন।