জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) © সংগৃহীত
শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালনকালে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লা কর্তৃক তিন সাংবাদিককে নির্মমভাবে মারধর এবং মৌখিকভাবে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি।
এক যৌথ বিবৃতিতে এনসিপির আহবায়ক ও সদস্য সচিব বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলা চালানো এবং পরবর্তীতে প্রকাশ্যে সংবাদমাধ্যমকে পিটিয়ে দমন করার সন্ত্রাসী দম্ভোক্তি স্পষ্ট প্রমাণ করে যে ক্ষমতাসীনদের একাংশ গণমাধ্যমের ন্যূনতম স্বাধীনতায় বিশ্বাস করে না।
নেতৃবৃন্দ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের ক্যাডারতন্ত্র, ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি মেনে নেওয়া হবে না। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের পিটিয়ে রক্তাক্ত করা এবং পরবর্তীতে মিডিয়াকে পিটিয়ে সোজা করার হুমকি দেওয়া কেবল সংবাদপত্রের স্বাধীনতার ওপর হামলা নয়; এটি দেশের সামগ্রিক বাক-স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর এক মারাত্মক আঘাত।’
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, গণমাধ্যমকে শত্রু মনে করা এবং বলপ্রয়োগের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা স্তব্ধ করার এই অপচেষ্টা প্রমাণ করে যে দেশের রাজনৈতিক সংস্কৃতির একটি অংশ এখনো ফ্যাসিবাদী মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি। বিচারহীনতার সংস্কৃতির সুযোগ নিয়ে যারা সাংবাদিকদের ওপর হাত তোলার দুঃসাহস দেখায়, তারা মূলত সমাজ ও রাষ্ট্রকে আবারও স্বৈরাচারী অন্ধকার যুগে ঠেলে দিতে চায়। এনসিপি অবিলম্বে শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলাকারী এবং ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ দম্ভোক্তি প্রদানকারী বিএনপি নেতা আরিফুজ্জামান মোল্লাসহ জড়িত সকল ক্যাডারকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। একই সাথে সারাদেশে কর্মরত সাংবাদিকদের অবাধে সত্য সংবাদ প্রকাশের নিরাপদ পরিবেশ ও আইনগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন দ্য ডেইলি স্টারের সাংবাদিক জাহিদ হাসান, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন ও জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার এবং মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বরকত মোল্লা।