ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধর করা হয়েছে তার বাবা ও চাচাকে © সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত ও শরীরে মূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় তার বাবা ও চাচাকে মারধর করেছে বখাটেরা। এ ঘটনায় সোমবার রাতে আটজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করেছেন ওই ছাত্রীর বাবা।
মেয়েটির বাবা জানান, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় রাব্বি, সাঈদ ও জীবনসহ কয়েকজন তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে। এর পর তারা বোতলে মূত্র ত্যাগ করে নিক্ষেপ করে। বাড়ি এসে মেয়ে কান্নাকাটি করলে ঘটনার প্রতিবাদ করতে যান তিনি। এ সময় তাকে মারধর করে তারা।
বিষয়টি মাদ্রাসার সুপারকে জানালে মীমাংসার পরামর্শ দেন তিনি। পরে বিষয়টি নিয়ে সোমবার স্থানীয়দের সঙ্গে বসে মীমাংসার কথা ছিল। কিন্তু মাঠে কাজ করার সময় রড দিয়ে পিটিয়ে আহত করা হয় তার ভাইকে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আরো পড়ুন: ফেসবুকে আপত্তিকর স্ক্রিনশট ছড়ালেন কলেজছাত্র, না ফেরার দেশে ছাত্রী
এ বিষয়ে ষাটবাড়িয়া আলিম মাদ্রাসার সুপার ইমরানুর রহমান বলেন, ওই ছাত্রী মাদ্রাসা থেকে ফেরার পথে ঘটনাটি ঘটেছে। বাইরের ঘটনায় কিছু করতে পারবেন না তিনি। ওই ছাত্রদের ডেকে তিনি শাসন করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।