শিক্ষকের লাশ উদ্ধার © প্রতীকী ছবি
ময়মনসিংহের ফুলপুরে সাখাওয়াত হোসেন (৫০) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকালে উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের একটি মাছের খামার থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
সাখাওয়াত হোসেন ওই এলাকার মৃত সিদ্দিকুর রহমান খানের ছেলে। তিনি রামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। এ ছাড়া পশু চিকিৎসক ও জমি মাপার আমিন হিসেবেও কাজ করতেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সাখাওয়াত হোসেন সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করেন। পরে মঙ্গলবার সকালে বাড়ির পাশে স্থানীয় একটি মৎস্য খামারে সাখাওয়াত হোসেনের লাশ বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় দেখতে পান তারা।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে সাখাওয়াত হোসেনের মৃত্যু হয়েছে। নিহতের শরীরে বিদ্যুতের তারে জড়ানো জায়গায় পোড়া চিহ্ন আছে। এ ছাড়া তার শরীরে কোনো জখমের চিহ্ন নেই। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।