আবদুর রহিম ওরফে শেরপুরী © সংগৃহিত
হেফাজত নেতাদের রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে- ইউটিউব চ্যানেল থেকে এমন মিথ্যা ও উসকানিমূলক গুজব ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আবদুর রহিম ওরফে শেরপুরী (৩৫)। সে হোলি টিউব ২৪ নামের ইউটিউব চ্যানেলের পরিচালক’ বলে জানিয়েছে সিটিটিসি।
সোমবার (১০ মে) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার অপরাধ তদন্ত বিভাগ বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করে।
সিটিটিসি সূত্র জানায়, সম্প্রতি দেশজুড়ে সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গ্রেপ্তার আবদুর রহিম হোলি টিউব ২৪ নামের ইউটিউব চ্যানেলের মাধ্যমে হেফাজত নেতাদের রিমান্ডে নির্যাতন করা হচ্ছে বলে মিথ্যা ও উসকানিমূলক গুজব ছড়াচ্ছিলেন।
এ ছাড়া ওই ইউটিউব চ্যানেলটি থেকে মিথ্যা, উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করা হচ্ছিল, যার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছে সিটিটিসি।
গ্রেপ্তারের পর আবদুর রহিমকে ঢাকার মিন্টো রোডের সিটিটিসির কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।