চিরকুট লিখে আত্মহত্যা করেছেন চট্টগ্রামের এক যুবক। জেলার রাউজান উপজেলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলিখীল গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই যুবক।
চিরকুটে লেখা ছিল, ভালোবাসা, আমার জানকে। আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুমি আমাকে দেখতে আসবে না, এটা আমার কথা। আমি অনেক ভালোবাসি, তোমাকে সানজিদা। আমার জান। আমার লাশের পাশে আমার বউ যেন না আসে, আমার মরা মুখ দেখতে না পারে। এই ইচ্ছেটা পূরণ করবেন। আমার জন্য কাউকে দায় করবেন না। ও সুখে থাক, আমিও অনেক সুখে আছি। বিদায়..।
এ বিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া যায়।
জানা গেছে, নিহতের নাম মো. নয়ন। তিনি স্থানীয় বাসিন্দা নুরুল আলমের সন্তান। তিন বছর আগে মা-বাবাকে না জানিয়ে সানজিদা তাসলিমা নামে স্বামী পরিত্যক্তা এক নারীকে বিয়ে করেন নয়ন। এরপর থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। মাঝে মধ্যে বাড়িতে আসতেন। আবার চলেও যেতেন।
স্থানীয়রা জানিয়েছেন, তিনদিন আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের বাড়িতে চলে আসেন নয়ন। শুক্রবার রাতে পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে শুয়েও পড়েন। কিন্তু শনিবার সকালে বাড়ির অদূরে একটি গাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।