© সংগৃহীত
ফেসবুকে একটি কমেন্টকে কেন্দ্র করে হামলার ঘটনায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফরহাদ মিয়া হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে ওই হামলার ঘটনা ঘটে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন বলেন, ‘ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে তর্কাতর্কির একপর্যায়ে তোফাজ্জল হোসেন মায়া ও তার সহযোগীদের হামলায় ছাত্রলীগ নেতা ফরহাদ মিয়া আহত হন। বর্তমানে তিনি পানছড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
তিনি জানান, তোফাজ্জলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা থাকলেও এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি। মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন ও ছাত্রলীগের সভাপতি সুজন এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সন্ত্রাসী তোফাজ্জলসহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।