নিখোঁজের তিনদিন পর চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে এক যুবদল নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নেতার নাম জামশেদ উদ্দিন (৩২)।
শনিবার (নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বসতনগর সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে সকালে যুবদল নেতা জামশেদ উদ্দিনের স্ত্রী স্বামীকে উদ্ধারে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সীতাকুণ্ড মডেল থানার এসআই হারুন অর রশিদ ভূঁইয়া বলেন, লাশটি জামশেদের বলে তার পরিবার শনাক্ত করেছে। লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জহুরুল আলম জহুর বলেন, জামশেদ ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ-যুবলীগ সন্ত্রাসীদের প্রতিহিংসার শিকার জামশেদ। তারা তাকে হত্যা করে লাশ সন্দ্বীপ চ্যানেলে ফেলে দেয়। এ বিষয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।