সম্পদ চন্দ্র দে
চিরকুট লিখে ভোলার দৌলতখান উপজেলায় সম্পদ চন্দ্র দে নামের এক কলেজছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তার নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত সম্পদ চন্দ্র দে ওই এলাকার নিতাই চন্দ্র দের ছেলে। তিনি ভোলা সরকারি কলজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
চিরকুটে সম্পদ চন্দ্র লিখেছেন, ‘অন্তুর কোন দোশ ছিল না। ভুল সব আমারই ছিল। আমার আর ভালো লাগে না এই পৃথীবী। এক বিন্দুও বাঁচতে ইচ্ছে না আর এখানে থাকতে। এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোন মূল্য নেই। আমি চলে যাচ্ছি’।
নিহত সম্পদ চন্দ্র দের বোন মৌসুমি জানান, সম্পদ প্রতিদিনের ন্যায় দুপুরে খাওয়া দাওয়া করে তার রুমে ঘুমাতে যান। পরে সন্ধ্যার দিকে আমরা তার রুমে একটি আওয়াজ শুনতে পাই। পরে রুমের ভিতর গিয়ে দেখি আড়ার সঙ্গে সম্পদ ঝুলছে। এ অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ হাসপাতালে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
দৌলতখান থানার এসআই গোলাম মোস্তফা জানান, নিহতের রুমে আমরা একটি চিরকুট পাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি প্রেমঘটিত বিষয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।