প্রতীকী
অপহরণের ৪৫ দিনেও নিখোঁজ রয়েছেন রাজশাহীর কাটাখালি থানার চৌমহনী বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মিতা। এ ঘটনায় দূর্গাপুর উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের মো. সমনাথ আলীর ছেলে মো. রাব্বির বিরুদ্ধে কাটাখালি থানায় একটি অপহরণ মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, কিশোরীরকে গত ২ মাস পূর্বে আসামী রাব্বির পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেয়া হয়। কিশোরীর বয়স না হওয়ায় তার বাবা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর গত (৭ জুলাই) কিশোরী তার বাড়ী থেকে নিখোঁজ হলে তার বাবা মো. মিলন (১১ জুলাই) নিজে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
স্কুলছাত্রী মিতার বাবা বলেন, পুলিশ যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। আমি থানায় গিয়ে আমার মেয়েকে উদ্ধারের বিষয় জানতে চাইলে পুলিশ আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। তারা আমার মেয়েকে উদ্ধার করতে গাড়ি ভাড়া, নাস্তার খরচ চায়।
তিনি বলেন, পুলিশ সন্ধেহভাজন একজনকে আটক করলেও প্রধান আসামীকে ধরছেনা তারা। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। এজন্য স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।
মামলার আসামীরা হলেন- দূর্গাপুর উপজেলা কাঠালবাড়িয়া গ্রামের মো. সমনাথ আলীর ছেলে মো. রাব্বি ও কাটাখালি থানার নওদাপাড়া গ্রামের মো. আ. জব্বারের ছেলে মিঠন।
কাটাখালি থানার ওসি জিল্লুর রহমান জানান, আসামী ও ভিক্টিম দু’জনকেই উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে এই মামলার ২নং আসামী মিঠনকে গ্রেপ্তার করা হয়েছে।