করোনাভাইরাস পরীক্ষার সনদ জালিয়াতি ও চিকিৎসা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আজ রোববার (১৯ জুলাই) সচিবালয় প্রবেশের অনুমতি পত্রটি বাতিল করে তথ্য অধিদপ্তর।
বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা। কার্ডে দেয়ার তথ্য মোতাবেক, দৈনিক নতুন কাগজ নামের পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে ২০১৯ সালে ৩ ডিসেম্বর কার্ডটি নেন সাহেদ। ওই কার্ডের মেয়াদকাল আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ডটির নম্বর-৬৮৪৫।
সাংবাদিকরা পেশাগত কাজে সচিবালয়ে প্রবেশের জন্য অনুমতিপত্র হিসেবে অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবহার করেন। এদিকে, শনিবার মধ্যরাতে সাহেদকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে ব্যক্তিগত গাড়ি, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।
সাহেদকে গত বুধবার (১৫ জুলাই) সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়। নানা প্রতারণার অভিযোগে সাহেদ করিমকে প্রধান আসামি করে এবং আরও ১৭ জনের নামে গত ৭ জুলাই মামলা করে র্যাব। সেই মামলায় গ্রেফতার করা হয় তাকে। এ মামলায় গ্রেফতার হয়েছেন আট আসামি।