স্মার্টফোন কিনে না দেওয়ায় বগুড়ায় দশম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছেন। নিহত ওই ছাত্রীর নাম নওমি পারভিন (১৪)। বুধবার (২৪ জুন) ভোরে সদর উপজেলার নাটাইপাড়া ধাওয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নওমি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওমির বাবা বিদেশে থাকেন। ধাওয়াপাড়ায় সে তার মা ও চাচাদের সঙ্গে থাকত। সে দীর্ঘদিন ধরে একটি স্মার্টফোন কিনে দেওয়ার জন্য জেদ করে আসছিল। সর্বশেষ তার বাড়ি থেকে তাকে ঈদুল ফিতরের পর মোবাইল কিনে দেয়ার কথা বলা হয়। তবে ঈদের পরেও কিনে দেয়নি। এর কারণে সে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার এসআই সোহেল রানা জানান, মোবাইল ফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে নওমি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পরে চিকিৎসাকরা তাকে মৃত ঘোষণা করেন। লাশের সুরতহালে আত্মহত্যার সব আলামত ছিল। পরে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।