করোনাভাইরাস পরিস্থিতিতে চায়ের দোকানে দেওয়া মানুষের আড্ডায় বাধা দিয়ে ডিম হামলার শিকার হয়েছেন খুলনা জেলা পুলিশ। আড্ডায় বন্ধ করে দিলে তারা পুনরায় সংগঠিত হয়ে পুলিশের উপর ডিম নিক্ষেপ শুরু করে। আজ সোমবার ফুলবাড়ীগেট বাজারের রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, জেলা প্রশাসনের দেওয়া এ বিধিনিষেধ উপেক্ষা করে খুলনার ফুলবাড়ীগেট বাজারে চায়ের দোকানে বেবী টেক্সি ইউনিয়নের নেতা রওশন দলবল নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এসময় পুলিশ আড্ডা বন্ধ করে দেওয়ায় তারা পুলিশের ওপর চড়াও হয়ে ডিম নিক্ষেপ শুরু করেন।
ঘটনার পরই দৌলতপুর জোনের এসি সহকারী পুলিশ কমিশনার বায়জিত ইবনে আকবর, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। বিষয়টি নিয়ে পরে ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলীর অফিসে তারা বৈঠক করেন।
প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১১ জুন (বৃহস্পতিবার) থেকে ২৫ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত ১৫ দিনের জন্য খুলনার দোকানপাট, শপিংমল, যানবাহন ও জনসাধারণের চলাচলের ওপর বিধিনিষেধ চলছে।
ফুলবাড়ীগেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বিধান চন্দ্র সানা বলেন, রেললাইনের পাশে ফারুকের চায়ের দোকানে বেবী টেক্সি ইউনিয়নের নেতা রওশন ১০ থেকে ১৫ জন নিয়ে আড্ডা দিচ্ছিল। তাদের নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর ডিম নিক্ষেপ করেন। তারা সংগঠিত হয়ে বাজারের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে, বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।