ফেক আইডি খুলে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

৩১ মে ২০২০, ০১:১০ AM

© সংগৃহীত

একটি শিল্প প্রতিষ্ঠানের মালিকের মেয়ে ও তার স্বামীর নামে ফেসবুকে ফেক আইডি (একাউন্ট) খুলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. জুবাইরুল হক জিয়ান (২২) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।

আজ শনিবার (৩০ মে) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিয়ান উপজেলার ছাদাহা সৈয়দাবাদ এলাকার আবদুল আজিজের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন।

জানা গেছে, সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ অভিযানে নেতৃত্ব দেন। গ্রেফতারকৃত জিয়ানের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এসব সিম কার্ড মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ৫ এপ্রিল ফেক আইডি খোলার বিষয়টি নজরে আসলে আলভী নামে এক ব্যক্তি নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তভার যায় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটে। তদন্তে নেমে জিয়ানের বিষয়ে তথ্য পায় কাউন্টার টেরোরিজম ইউনিট।

গত ৬ থেকে ৭ মাস ধরে ছাবরিনা বিনতে হোসাইন, ইশরাত জাহান রিমু, ইশরাত জাহান মিশুসহ ভিন্ন ভিন্ন নামে ফেসবুকে একই ছবি ব্যবহার করে আইডি ওপেন করে। এসব আইডির মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রমের কথা বলে মানুষজন থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। করোনা সংকট তৈরি হলে ত্রাণ সহায়তার নামেও বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।

টার্গেট করা ব্যক্তিদের কাছে বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য মোবাইল ফোনে বিশেষ অ্যাপের মাধ্যমে নারী কণ্ঠে কথা বলতো জিয়ান। তার ফোনে এমন একটি অ্যাপও পেয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। তার মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পুলিশ সদস্যসহ একাধিক ব্যক্তি।

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ বলেন, ফেসবুকে ফেক আইডি খুলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জিয়ান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এসব সিম কার্ড মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি মামলার সূত্র ধরে জিয়ানকে গ্রেফতার করা হয়। গত ৬ থেকে ৭ মাস ধরে সে একই কায়দায় প্রতারণা করে আসছে বলে জানতে পেরেছি। আগামীকাল রবিবার (৩১ মে) তাকে আদালতে হাজির করা হবে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কী না তা খুঁজে বের করতে হবে বলে জানান পলাশ কান্তি নাথ।

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬