মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি স্কুলে শিক্ষককে গুলি করে হত্যা করে আত্মহত্যা করেছে ১১ বছরের এক ছাত্র। ওই ছাত্রের এলোপাতাড়ি গুলিতে শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ আরও অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। খবর: বিবিসি।
দেশটির কোয়াহুইলা রাজ্যের তরেয়ন শহরে কলেজিও সেরভানটেস নামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। তবে কী কারণে ওই ছাত্র এমন কাজ করেছে তা জানা যায়নি।
মেক্সিকোতে সহিংসতার ঘটনা নিয়মিত ঘটলেও স্কুলে এ ধরণের গোলাগুলির ঘটনা বিরল। দেশটির টিভি চ্যানেল মিলেনিওকে এক সাক্ষাৎকারে শহরের মেয়র জর্জ জার্মেনো বলেছেন, ছাত্রটি খুবই মেধাবী ও শান্ত স্বভাবের ছিল।
সে তার দাদির সঙ্গে থাকতো। হঠাৎ তার এমন আচরণ বোধগম্য নয়। তার বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, ছাত্রটি শুক্রবার দুটি বন্দুক নিয়ে এসে স্কুলে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।