জান্নাতুত তাজমীন © সংগৃহীত
কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার রেশ কাটতে না কাটতেই এবার ধানক্ষেতের পাশ থেকে জান্নাতুত তাজমীন (১৩) নামের আরেক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) লালমাই উপজেলার জগতপুর গ্রামের ধানক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে পড়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করেছে পুলিশ।
জান্নাতুত তাজমীন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। সে যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। তার বাবা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। বাবার চাকরির কারণে দীর্ঘদিন ধরে তারা সপরিবারে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করছেন।
লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মিজানুর রহমান বলেন, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।