প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।মঙ্গলবার সকালে আশুলিয়ার তৈয়বপুর রাজপাক এলাকার একটি নির্জন জঙ্গলে ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।
এ ঘটনায় রাতে হিমেল মন্ডল (২২) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ওই স্কুলছাত্রীর পরিবার। অভিযুক্ত হিমেল মন্ডল আশুলিয়ার দিয়াখালী গ্রামের ফজল মন্ডলের ছেলে।
ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর পরিবার জানায়, তাজপুর মডেল হাইস্কুলের ৮ম শ্রেণির ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল হিমেল মন্ডল। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে বিভিন্ন সময় অপহরণের হুমকি ও মুঠোফোনে অশালীন মন্তব্য করে আসছিল হিমেল।
মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে দিয়াখালী ব্রিজের ওপর থেকে জোরপূর্বক ওই ছাত্রীকে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে যায় হিমেল ও তার সহযোগী তিনজন। পরে তার প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়েটিকে মারধর ও ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় এক ব্যক্তি এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে রাতেই এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বলেন, এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযুক্ত হিমেলকে আটকের চেষ্টা চলছে।