সেফ হোমে ১১ কিশোরীকে যৌন নিপীড়নের পর হত্যা

০৫ মে ২০১৯, ১২:২৩ PM

© সংগৃহীত

ভারতের মুজফ্‌ফরপুর হোম কাণ্ডে সুপ্রিম কোর্টে বিস্ফোরক তথ্য জানিয়েছে গোয়েন্দা সংস্থা সিবিআই। এক হলফনামায় সিবিআই জানিয়েছে, ওই মামলায় প্রধান অভিযুক্ত ব্রজেশ ঠাকুর ও তার সহযোগীরা অন্তত ১১টি কিশোরীকে খুন করে পুঁতে ফেলেছে বলে অভিযোগ রয়েছে। কাছেই একটি কবরস্থানের বিশেষ জায়গা থেকে প্রচুর হাড়গোড় উদ্ধার হয়েছে বলেও জানিয়েছে সিবিআই।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও তদন্তে ওই ১১ কিশোরীর নামও উঠে এসেছে। এই ঘটনার জেরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পদত্যাগ দাবি করেছে আরজেডি। তাদের দাবি, নীতীশ ইস্তফা না দিলে রাজ্যপালের উচিত রাজ্য সরকারকে বরখাস্ত করা।

টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস (টিস)-এর তরফে রাজ্যের জুভেনাইল হোমগুলিতে গত বছর বিশেষ অডিট করা হয়। সেই অডিট রিপোর্টেই বেসরকারি সংস্থা পরিচালিত মুজফ্ফরপুরের এই হোমে আবাসিকদের উপরে যৌন নির্যাতনের বিষয়টি সামনে আসে। ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে ছ’জন কিশোরী ওই হোম থেকে নিখোঁজ হয়েছে বলেও অভিযোগ।

পরে মামলাটির তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ইতোমধ্যেই ব্রজেশ ঠাকুর-সহ মোট ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। শুক্রবার আদালতে সিবিআই জানায়, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সের বিশেষ দলের উপস্থিতিতে তদন্তকারী অফিসারেরা প্রত্যক্ষদর্শী ও ওই হোমে নির্যাতনের শিকার হওয়া অন্য কিশোরীদের দেওয়া বয়ান থেকে ব্রজেশ ঠাকুরের হাতে খুন হওয়া ওই ১১ কিশোরীর নাম জানতে পেরেছেন। খবর: আনন্দবাজার।

হলফনামায় সিবিআই জানিয়েছে, ‘বালিকা গৃহ’ নামে মুজফ্‌ফরপুরের ওই সেফ হোমে কম-বেশি ৩৫ জনের মতো কিশোরী ছিল। আবাসিকেরা জানিয়েছে, প্রভাবশালী ব্যক্তিরা এসে ওই কিশোরীদের উপরে শারীরিক ও যৌন অত্যাচার চালাত।

সিবিআই জানায়, জেরার মুখে গুড্ডু পটেল নামে এক অভিযুক্ত কবরস্থানের একটি বিশেষ অংশ চিহ্নিত করেছে। অভিযোগ, সেখানে ব্রজেশ খুন হওয়া কিশোরীদের দেহ চাপা দেয়। পরে সেখান থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করেছে গোয়েন্দারা।

সিবিআইয়ের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ এনে সম্প্রতি আদালতে একটি আবেদন করা হয়েছিল। যেখানে সিবিআইয়ের বিরুদ্ধে এই মামলায় পক্ষপাত দেখানোরও অভিযোগ আনা হয়েছে। ওই আবেদনের শুনানিতে শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি দীপক গুপ্তের নেতৃত্বাধীন বেঞ্চ সিবিআইকে একটি নোটিস পাঠিয়ে চারদিনের মধ্যে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে।

সিবিআইয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানান,  ইতিমধ্যেই ওই আবেদনের উত্তর দিয়ে দিয়েছে সিবিআই। একটি হলফনামায় তারা জানিয়েছে, এখনও পর্যন্ত যথেষ্ট স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চালানো হয়েছে।

সিবিআইয়ের বিরুদ্ধে মূল অভিযুক্তদের বাঁচানোর চেষ্টার যে অভিযোগ তোলা হয়েছে, তা-ও এ দিন খারিজ করেছে ওই গোয়েন্দা সংস্থা। আগামীকাল ৬ মে ওই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আইইউটি ভর্তি পরীক্ষা, যা জেনে রাখা ভালো
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোট…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬