নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাবিবুর রহমান সোহান ও শামীম হোসেন পাটোয়ারী © সংগৃহীত
আবুধাবি টি-টেন লিগের আসন্ন আসরে ইউনাইটেড টাইগার্সের হয়ে বাংলাদেশের ৪ ক্রিকেটার নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাবিবুর রহমান সোহান ও শামীম হোসেন পাটোয়ারী খেলবেন। সম্প্রতি প্লেয়ার্স ড্রাফট থেকে এই ৪ ক্রিকেটারকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী ৭ নভেম্বর শুরু হবে আবুধাবি টি-টেন লিগের নতুন আসর। ২০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। তবে আসর শুরুর কয়েক সপ্তাহ আগে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আয়োজকরা।
উদ্বোধনী দিনেই মাঠে নামবে ইউনাইটেড টাইগার্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যারাবিয়ান এইসেস। এরপর ৮ নভেম্বর ইউএই বুলস, ৯ নভেম্বর রয়্যাল ডেজার্ট চ্যাম্পিয়ন্স এবং ১০ নভেম্বর ইয়াশ লায়ন্সের মুখোমুখি হবে দলটি।
এক দিনের বিরতি শেষে ১৩ নভেম্বর এমিরেটস ঈগলসের বিপক্ষে খেলবে ইউনাইটেড টাইগার্স। এরপর ১৪ নভেম্বর রয়্যাল ডেজার্ট চ্যাম্পিয়ন্স, ১৫ নভেম্বর ইয়াশ লায়ন্স, ১৬ নভেম্বর অ্যারাবিয়ান এইসেস, ১৮ নভেম্বর ইউএই বুলস এবং ১৯ নভেম্বর এমিরেটস ঈগলসের বিপক্ষে মাঠে নামবে সোহান-মিরাজদের দল।
টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল দুটি খেলবে কোয়ালিফায়ারে। সেই ম্যাচে জয়ী দল ফাইনালে ওঠার সুযোগ পাবে। আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
ইউনাইটেড টাইগার্স: ফখর জামান, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, জিসান নাসির, আওয়াইজ আলী শাহ, আজমতউল্লাহ ওমরজাই, সুফিয়ান মুকিম, আব্বাস আফ্রিদি, ওডিন স্মিথ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাবিবুর রহমান সোহান, নুর উল রহমান, শামীম হোসেন পাটোয়ারি, আদিত্য শেঠি, নুর উল্লাহ আয়ুবী, পল ভ্যান মেকেরিন এবং ইয়াসিন প্যাটেল।